চট্টগ্রাম, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'মুক্তিযোদ্ধা-ছাত্র-জনতা'র প্রতিরোধের ঘোষণার পর পুলিশি বাধায় চট্টগ্রামে আলী আহসান মো. মুজাহিদের সভা পণ্ড হয়ে গেছে।
সভা করতে ব্যর্থ হয়ে রোববার বিকালে ঢাকার পথে রওনা হয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।
কোতোয়ালি থানার দীদার মার্কেটের সাফা আর্কেড কমিউনিটি সেন্টার রোববার বেলা ৩টায় ওই সভা হওয়ার কথা। 'মুক্তিযোদ্ধা-ছাত্র জনতা' ব্যানারে আওয়ামী লীগ সমর্থকরা সেখানে সভার ঘোষণা দিলে পুলিশ কাউকেই সেখানে ঢুকতে দেয়নি।
এরপর জামায়াতে ওই কমিউনিটি সেন্টারের ৫০ গজ দূরে দলের মহানগর কার্যালয়ে বৈঠকের প্রস্তুতি নিলে তাতেও বাধা দেয় পুলিশ।
বিকাল পৌনে ৫টার দিকে পুলিশ পাহারায় কার্যালয় থেকে বের হয়ে ঢাকার পথে রওনা হন মুজাহিদ।
ওই সময় চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শামসুল ইসলাম সাংবাদিকদের বলেন, "একটি বৈধ রাজনৈতিদক দলের সভায় এ ধরনের বাধা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আইন-শৃঙ্খলা বাহিনীর কথায় সভা করিনি। তবে এর বিচারের ভার আমরা জনগণের ওপর ছেড়ে দিলাম।"
জামায়াত নেতারা বলছে, অনুমতি থাকা সত্ত্বেও তাদের সভা করতে দেওয়া হয়নি। তবে কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, সভা করার কথা বললেও সেখানে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের উপস্থিত থাকার কথা জানানো হয়নি।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য জামায়াতকে সভা করতে দেওয়া হয়নি বলে জানান তিনি।
'মুক্তিযোদ্ধা-ছাত্র-জনতা' মুজাহিদের সভা প্রতিরোধের ঘোষণা দিলে দুপুরের আগেই পুলিশ ওই কমিউনিটি সেন্টারের সামনে অবস্থান নেয়।
'মুক্তিযোদ্ধা ছাত্র-জনতা'র অন্যতম সংগঠক ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি এমআর আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যুদ্ধাপরাধী মুজাহিদকে আমরা যে কোনো মূল্যে প্রতিহত করবো। চট্টগ্রামের মাটিতে তাকে সভা করতে দেওয়া হবে না।"
কোতোয়ালি থানার পরিদর্শক নজরুল ইসলাম দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই পক্ষ সভার ঘোষণা দেওয়ায় পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই কাউকেই সেখানে সভা করতে দেওয়া হবে না।"
এরপর জামায়াতে ইসলামীর প্রায় দেড়শ নেতা-কর্মী জড়ো হয় দলীয় কার্যালয়ে। মুজাহিদও সেখানে ছিলেন। পৌনে ৩টার দিকে সেখানে গিয়ে কোনো ধরনের সভা না করতে জামায়াত নেতাদের বলেন। সেখানে পুলিশের সঙ্গে জামায়াত নেতাদের বদানুবাদও হয়।
শামসুল ইসলাম এমপি পুলিশের উদ্দেশে বলেন, "আমরা দলের কার্যালয়ে সভা করবো।" কিন্তু তাতে সায় দেয়নি পুলিশ।
জামায়াতের সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, "আমাদের সভা করতে না দেওয়াটা দেশের জন্য মঙ্গলজনক হচ্ছে না। আরো কয়েকটি স্থানে আমাদের নির্ধারিত স্থানে সভা করতে দেওয়া হলেও পরে দলীয় কার্যালয়ে করা গেছে। কিন্তু এখানে কার্যালয়েও সভা করতে দেওয়া হচ্ছে না।"
এর আগে চাঁপাইনবাবগঞ্জ, বগুড়াসহ কয়েকটি স্থানে সভা করতে গিয়ে প্রতিরোধের মুখে পড়েন মুজাহিদ।
"সামরিক শাসনের মধ্যেও আমরা সভা-সমাবেশ করেছি। কিন্তু এখন তাও করা যাচ্ছে না", বলেন আযাদ।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার করতে ট্রাইব্যুনাল গঠনের পর তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতের অনেক নেতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তদন্ত সংস্থার কাছে তুলে ধরা হয়েছে।
এদিকে মুজাহিদকে প্রতিরোধের ঘোষণা দিয়ে 'মুক্তিযোদ্ধা-ছাত্র-জনতা' দুপুরে শহরের আন্দরকিল্লা মোড়ে জড়ো হয়। বেলা ৩টার দিকে তারা দীদার মার্কেটের কাছে মাইক নিয়ে সমাবেশ করে।
বেলা ৪টার দিকে তারা মিছিল নিয়ে জামায়াত কার্যালয়ের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। তখন সংক্ষিপ্ত সমাবেশ করে সেখানেই কর্মসূচি শেষ করে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৭০০ ঘ.
bdnews24