২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বিএনপি নেতার দোকানে যুবলীগের হামলা

জেলার রায়পুর উপজেলা সদরে সরকার সমর্থক যুবলীগ কর্মীরা শুক্রবার রাতে এক বিএনপির নেতার দোকানে হামলা চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 04:07 PM

Updated : 24 Aug 2022, 08:20 PM

লক্ষ্মীপুর, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার রায়পুর উপজেলা সদরে সরকার সমর্থক যুবলীগ কর্মীরা শুক্রবার রাতে এক বিএনপির নেতার দোকানে হামলা চালায়। তাদের হামলায় দোকানমালিক ও পুলিশসহ ছয়জন আহত হয়। পুলিশ জানায়, যুবলীগ কর্মীরা রাতে পৌরসভা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করে। রাত ১০টার দিকে মিছিলের একটি অংশ আলিয়া মাদ্রাসা মার্কেটে উজেলা বিএনপি নেতা নাজমুল হোসেনের দোকানে হামলা চালায়। এতে নাজমুল হোসেন, তার কর্মচারী মফিজ, কামাল ও রহমান আহত হন। নাজমুল বিএনপির উপজেলা কমিটির সদস্য বলে স্থানীয়রা জানায়। হামলায় রায়পুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ, উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশারও আহত হন। আহত সবাইকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার সত্যতা নিশ্চিত করে এসআই আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোকানমালিক নাজমুল অভিযোগ করেছে- যুবলীগ কর্মীরা তার দোকান ভাংচুর ও লুটপাট করেছে। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হামলার অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশই যুবলীগ কর্মীদের ওপর হামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৪ ঘ.