সাতক্ষীরা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মো. মুজাহিদের সভা কেন্দ্র করে উত্তেজনার প্রেক্ষাপটে ১৪৪ ধারা জারি করে সাতক্ষীরা শহরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে সদর থানার ওসি হাশেম খান জানিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার ভোররাত থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ৪১ জন কর্মীকে আটক করেছে পুলিশ।
শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলা ৩টায় জামায়াতের সভায় দলের সেক্রেটারি জেনারেল মুজাহিদের যোগ দেওয়ার কথা ছিলো। কিন্তু যুদ্ধাপরাধী দাবি করে তাকে প্রতিরোধের ঘোষণা দেয় স্থানীয় মুক্তিযোদ্ধারা এবং ঘাতক-দালাল নির্মূল কমিটি।
ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার পথে বুধবার রাতে খুলনায় মুজাহিদকে আটকে দেয় পুলিশ। পরে তিনি ঢাকা ফেরত যান বলে জানিয়েছেন জামায়াতের খুলনা মহানগরের আমির মিয়া মো. গোলাম পরওয়ার।
ওসি হাশেম সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জামায়াত-শিবির নেতা-কর্মী গ্রেপ্তারের বিষয়েও তিনি বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
১৪৪ ধারা জারি ও কর্মী আটকের প্রতিবাদ জানিয়ে জামায়াতের জেলা আমির মোহাদ্দেস আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের এ অগণতান্ত্রিক কার্যক্রমে আমরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানাই।"
তিনি বলেন, কোনো অভিযোগ ছাড়াই তাদের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মুজাহিদকে প্রতিরোধে একটি সমন্বয় কমিটি গঠন করেছে মুক্তিযোদ্ধা সংসদ ও নির্মূল কমিটি।
কমিটির প্রধান ইনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুজাহিদকে সাতক্ষীরায় ঢুকতে দেওয়া হবে না।"
বুধবার বিকালে সাতক্ষীরা শহরে মুক্তিযোদ্ধা সংসদের আহবানে লাঠি মিছিল হয়। এতে অংশ নেন মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ইনামুল হক, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি আবুল খায়ের, জাসদ সভাপতি কাজী রিয়াজ, ওয়ার্কার্স পার্টির সম্পাদক মোস্তাফা লুৎফুল্লাহসহ আওয়ামী লীগ, বাসদ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রমৈত্রীর নেতারা।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক জামায়াত নেতা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা পৌর কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ অনুমতি নিয়েছেন। যারা বাধা দিতে আসবে তাদের প্রতিহত করার দায়িত্ব প্রশাসনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর খুলনা প্রতিনিধি জানান, জেলার জিরো পয়েন্ট এলাকায় রাত সাড়ে ১০টার দিকে মুজাহিদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। সেখানে প্রায় আধা ঘণ্টা বদানুবাদের পর জামায়াত নেতারা নগরীর সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটিতে যান।
সেখানে মুজাহিদ সাংবাদিকদের বলেন, "কোনো কারণ ছাড়াই পুলিশ আমাদের রাস্তায় আটকে দেয় এবং অসৌজন্যমূলক আচরণ করে।"
সাতক্ষীরায় যেতে না দেওয়ায় কেন্দ্রীয় নেতারা রাতেই ঢাকার উদ্দেশে খুলনা ছাড়েন বলে গোলাম পরওয়ার সাংবাদিকদের জানান।
পুলিশ অবশ্য বলছে, নিরাপত্তাজনিত কারণেই জামায়াত নেতারা সাতক্ষীরা যাননি।
খুলনা জেলা পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী সাংবাদিকদের বলেন, "জামায়াত নেতৃবৃন্দকে সাতক্ষীরা যেতে বাধা দেওয়া হয়নি। নিরাপত্তার অভাব বোধ করায় তারা ফিরে গেছেন।"
পুলিশ কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ করেনি বলেও দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১১১১ ঘ.
bdnews24