ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সঙ্কট লাঘবে প্রতিশ্র"ত পরিকল্পনার কোনো প্রতিফলন সরকারের কার্যক্রমে ঘটছে না দাবি করে বিএনপি বলেছে, এক্ষেত্রে সরকার সফল হতে পারবে না।
সংসদ অধিবেশনে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেছে প্রধান বিরোধী দল। নিজেরা ক্ষমতায় থাকার সময় যে আইনটি করেছিলো, সেই দ্রুত বিচার আইনের মেয়াদ বৃদ্ধির বিরুদ্ধেও অবস্থান নিয়েছে তারা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, "আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ২০১৩ সালের মধ্যে ৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের অঙ্গীকার করা হয়েছে। সেই লক্ষ্যমাত্রা অর্জনে যে প্রস্তুতি থাকা দরকার তার কোনোটাই দেখতে পাচ্ছি না।
"তাদের কাজ থেকে বোঝা যায়, এ সরকার তাদের তৈরি লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবে না। সরকারের পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হবে।"
গত ৫ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, "তিনি (প্রধানমন্ত্রী) সংসদে মিথ্যা বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন। বিদ্যুৎ-পানি-গ্যাস সমস্যায় মানুষের আজ নাভিশ্বাস উঠেছে। এসব সমস্যা আড়াল করতে, জনগণের দৃষ্টি ফেরাতে তিনি বিরোধী দলের বিরুদ্ধে বিষোদগার করছেন।"
যুদ্ধাপরাধের বিচার নিয়ে প্রধানমন্ত্রী বিএনপি ও সৌদি আরবের নাম উল্লেখ করে 'দায়িত্বজ্ঞানহীন' কথা বলেছেন বলে মন্তব্য করেন বিএনপি নেতা। এতে সৌদির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতির আশঙ্কাও করছেন তিনি।
ফখরুল বলেন, "সৌদি আরবে আমাদের ২০ লাখ শ্রমশক্তি কাজ করেন। তাদের উপার্জিত অর্থ রেমিটেন্স হিসেবে আমরা পাচ্ছি। প্রধানমন্ত্রীর মতো ব্যক্তির এ রকম উক্তি দেশ ও জাতির জন্য ক্ষতিকর বলে আমরা মনে করি। আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে স্টেটসম্যানসুলভ বক্তব্য আশা করি।"
সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধী দলকে 'চোর' হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যেরও প্রতিবাদ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
ভোলা-৩ আসনের উপনির্বাচনের আগে সরকারি দল সন্ত্রাস সৃষ্টি করছে দাবি করে ফখরুল বলেন, "নির্বাচন কমিশনকে এ বিষয়ে আমরা অভিযোগ জানিয়েছি। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।"
সেখানে সেনা মোতায়েনের দাবি আবার জানান তিনি।
আগামী ২৪ এপ্রিল ভোলা-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে।
দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ানোর সমালোচনা করে ফখরুল বলেন, "এ আইনটি করার পর আওয়ামী লীগ একে কালো আইন বলেছিলো। এখন বিরোধী দলকে দমন করতে আইনটির সময় বাড়ানো হয়েছে বলে আমরা মনে করি।"
মন্ত্রীসহ সরকারি দলের সংসদ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তিনি বলেন, "গোটা দেশ দুর্নীতির আধারে পরিণত হয়েছে।"
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে সংদে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকও ছিলেন।
সংসদে কথা বলার সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, "চতুর্থ অধিবেশনের সমাপনী দিনের আগের দিন সংসদ নেতার উক্তির কারণে আমাদের ওয়াকআউট করতে হয়েছে। এভাবে কথা বলতে না দিলে আগামী বাজেট অধিবেশনের আমাদের যোগ দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।"
চতুর্থ অধিবেশনে বিরোধী দলের দেওয়া ৯৬টি মুলতবি প্রস্তাবের একটিও গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক শরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24