ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলো দুর্নীতি না করার অঙ্গীকার করলেও তা কার্যকর করার ইচ্ছা তাদের নেই বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান।
মঙ্গলবার রাজধানীর সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভলপমেন্ট ফর এশিয়া এন্ড দ্য প্যাসিফিক (সিরডাপ) মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
দুর্নীতি বিরোধী সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন) 'দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বাস্তবতা ও নাগরিক উদ্বেগ' শীর্ষক এ আলোচনার আয়োজন করে।
দেশে দুর্নীতির ব্যাপকতা ভয়াবহ উল্লেখ করে দুদক (দুর্নীতি দমন কমিশন) চেয়ারম্যান বলেন, 'সমাজ ও রাষ্ট্রের মাথা হলো রাজনীতি। রাজনীতিতে পচন ধরায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।'
তার মতে, "এক্ষেত্রে প্রধানমন্ত্রী বা বিরোধী দলের নেতার সদিচ্ছার অভাব নেই। কিন্তু তা কার্যকরী করার মনোবৃত্তি নেই।"
কার্যকরী করার মনোবৃত্তি নিয়ে আসতে হবে উল্লেখ করে গোলাম রহমান বলেন, "এজন্য একটি শক্তিশালী ও স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা, সঠিক ও কার্যকরী আইন এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিরসন করা অত্যন্ত জরুরি।"
বিচারকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, "দুদক মামলা করছে জনগণের পক্ষে। তাই বিচারের রায় দ্রুত হলে জনগণ সুবিচার পাবে।"
ব্যবসা ও রাজনীতির আঁতাতে দুর্নীতির সূত্রপাত হচ্ছে মন্তব্য করে গোলাম রহমান বলেন, "রাজনীতি করতে অর্থের প্রয়োজন। অধিকাংশ সৎ রাজনীতিবিদের অর্থ নেই, রাজনৈতিক দলেরও সে ধরনের অর্থ নেই, অর্থ আসে ব্যবসায়ী ও শিল্পপতিদের কাছ থেকে।
"তাই যে ব্যবসায়ী অর্থ দেন তিনি বিপরীতে কিছু লাভ তো চাইবেনই। ব্যবসা ও রাজনীতির এই আঁতাতের মাঝেই দুর্নীতির সূত্রপাত হয়।"
তিনি বলেন, এই আঁতাত ভাঙা দরকার।
২০০৪ সালে দুদক গঠনের পর প্রায় এক হাজার একশটি মামলা করা হয়। এর মধ্যে দুশ ৫৬টির রায় হয়েছে।
এতে দুশ চারটি মামলার রায় দুদকের পক্ষে হয়েছে বলে জানান চেয়ারম্যান।
দুদক এ পর্যন্ত দুর্নীতির কোন মামলা প্রত্যাহার করেনি বলেও জানান তিনি।
সুজন সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ বলেন, "প্রধানমন্ত্রীর নিজের প্রতিশ্র"তি আছে বলে মনে করি। তাও আমরা দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত হতে পারছি না
bdnews24