ঝিনাইদহ, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা সড়কে সোমবার রাতে এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রাত পৌনে ১০টার দিকে কয়েকজন বন্ধুসহ সান্টু ওই সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ৫/৭ জন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মো. রেজাউল করিম।
নিহত সান্টু (২৫) শহরের হামদু খন্দকার পাড়ার রেজাউল ইসলামের ছেলে।
এসপি জানান, দুর্বৃত্তদের হামলায় আহত সান্টু ও তার সঙ্গী রিপন (২২) আহত হন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান সান্টু।
রিপন হাসপাতালে চিকিৎসাধীন। তিনিও একই এলাকার বাসিন্দা।
পুলিশ কর্মকর্তা বলেন, সদর উপজেলা চেয়ারম্যান কনক কান্তি দাশ ও ভাইস চেয়ারম্যান রাশেদুজ্জামানের মধ্যে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।
স্থানীয়রা জানায়, কনক কান্তি ও রাশেদুজ্জামান দুজনই সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছেন। তবে তারা কোন পদে আছেন সেটা তারা জানাতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩৪৭ ঘ.
bdnews24