ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের বিরুদ্ধে করা মামলাটি খারিজ করেছে আদালত।
শুক্রবার একটি সেমিনারে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে রোববার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মৃধা মো. রাশেদ সারোয়ার পলাশ।
মামলায় ইমাম ছাড়াও ফোকাস বাংলার প্রতিবেদক, দৈনিক নয়া দিগন্তের প্রকাশক শামসুল হ্দুা ও সম্পাদক আলমগীর মহিউদ্দিনকে আসামি করা হয়।
দুপুরে বাদির বক্তব্য গ্রহণ এবং শুনানির পর হাকিম মোস্তফা শাহরিয়ার খান বিকালে আরজি খারিজের আদেশ দেন।
এইচটি ইমাম শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউট মিলনায়তনে আওয়ামী উলামা লীগ আয়োজিত 'ইসলামের দৃষ্টিতে যুদ্ধাপরাধীদের বিচার' শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন।
পরদিন দৈনিক নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এইচটি ইমাম বলেছেন, দেশে ইসলাম টিকিয়ে রেখেছে আওয়ামী লীগ। আর এ ইসলামের প্রবর্তক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সংবাদ সংস্থা ফোকাস বাংলার উদ্ধৃতি দিয়ে নয়া দিগন্ত এ সংবাদটি প্রকাশ করে।
মামলার বাদি বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টার এ বক্তব্যে তার ধর্মীয় অনুভূতি যেমন আঘাতপ্রাপ্ত হয়েছে, তেমনি ইসলাম প্রবর্তক মহানবী (স.) এবং তার উম্মতদেরও (মুসলিম) মানহানি হয়েছে। ১ নম্বর বিবাদির (ইমাম) বক্তব্য ছিলো অরুচিকর ও অপমানজনক।
আদালতের দেওয়া আদেশে বলা হয়, আর্জিতে শুধু সেমিনারের বক্তব্য উল্লেখ করা হয়েছে। এতে দণ্ডবিধির ২৯৫ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দানের কোনো উপাদান বিদ্যমান নেই। আর মানহানির যে অভিযোগ করা হয়েছে সেখানে কোন কোন ব্যক্তির মানহানি হয়েছে, তা আর্জিতে উল্লেখ করা হয়নি।
"সার্বিক বিবেচনায় মামলাটি আমলে না নিয়ে খারিজ করা হলো", আদেশে বলা হয়।
তবে বাদি রাশেদ সাংবাদিকদের জানিয়েছেন, তিনি এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।
স
bdnews24