সিলেট, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আদু ভাই, আংকেলদের ছাত্রলীগে দেখতে চান না। যারা প্রকৃত ছাত্র তারাই ছাত্রলীগে ঠাঁই পাবে।
তিনি বলেন, "ছাত্রলীগ নিয়ে পত্রপত্রিকায় নানা খবর ছাপা হয়। তাদের চাঁদাবাজি ও টেন্ডারবাজি সহ্য করা হবে না।"
শনিবার বিকালে সিলেট সার্কিট হাউসে স্থানীয় সংসদ সদস্য, দলীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি দলীয় নেতাকর্মীদের ত্যাগের মনোভাব নিয়ে রাজনীতি করার আহবান জানান।
ছাত্রলীগকে শক্তিশালী করার সুযোগে ছাত্রদল ও শিবিরের কিছুকর্মী কৌশলে ছাত্রলীগে স্থান করে নিয়েছে দাবি করে আওয়ামী লীগ সভানেত্রী এ ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান।
স্থানীয় সরকাকে শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসন বিকেন্দ্রীকরণ করে উপজেলা ও জেলা পরিষদকে কার্যকর করা হবে।
সিলেট বিভাগীয় শহরের বিস্তৃতি বাড়ানোর ওপরও প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন।
তিনি সিলেট নগরীতে দুটি এবং বিভাগের সকল উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের আশ্বাস দেন।
সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালিক মায়ন, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, চিফ হুইপ আব্দুস শহীদ, আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।
সকালে প্রধানমন্ত্রী ফেঞ্চুগঞ্জে ৫১ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বেসরকারি উদ্যোগে স্থাপিত একটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন।
দুপুরের পর সিলেট ডাক বাংলোয় বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৬ ঘ.
bdnews24