জয়পুরহাট, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে বুধবার লাঠিপেটা করে জামায়াতে ইসলামীর সমর্থক ইসলামী ছাত্রশিবিরের মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে একজনকে।
আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা চালানোর অভিযোগে ৬০ জনকে আসামি করে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি আবু হেনা মুস্তফা কামাল।
স্থানীয়রা জানায়, দুপুরে শহরের পাঁচুরমোড় এলাকা থেকে শিবিরের প্রায় অর্ধ শতাধিক কর্মী একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাটার মোড়ে পৌঁছলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। ওই সময় গ্রেপ্তার করা হয় একজনকে।
ওসি জানান, গ্রেপ্তার আজিম আল রেজা (২৩) শিবিরকর্মী। তবে আজিম সাংবাদিকদের বলেন, তিনি শিবিরের কর্মী নন, জেলা সদরের সগুনা গ্রামের একটি মসজিদের মোয়াজ্জিন।
পুলিশ বাদি হয়ে যে মামলাটি করেছে, তাতে ছাত্রশিবিরের জেলা সভাপতি মুক্তার হোসেন বাবু ও পৌর সভাপতি আসলাম হোসেনকেও আসামি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪০ ঘ.
bdnews24