২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ বিচার সরকারের প্রতিহিংসা: মোশাররফ

যুদ্ধাপরাধ বিচারের নামে সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চায় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 12:26 PM

Updated : 24 Aug 2022, 08:03 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ বিচারের নামে সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চায় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বুধবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, "আমরা প্রকৃত যুদ্ধাপরাধীর বিচার চাই। তবে যুদ্ধাপরাধীর বিচারের নামে সরকার আজ যে প্রতিহিংসা চরিতার্থ করছে, তা কোনোভাবে দেশের মানুষ মেনে নেবে না।" একাত্তরের মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ তদন্তে গত ২৫ মার্চ ট্রাইবুনাল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের সদস্যদের নাম ঘোষণা করে সরকার। তদন্ত সংস্থা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। যুদ্ধাপরাধীর বিচার নিয়ে সরকার বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও দাবি করেন মোশাররফ। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে 'মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ' শীর্ষক এ আলোচনা সভা আয়োজন করে। মোশাররফ বলেন, "একদিকে সরকার যুদ্ধাপরাধের বিচারের কথা বলছে। অন্যদিকে সরকারের আইনমন্ত্রী বলছেন, এটা যুদ্ধাপরাধীদের বিচার নয়, মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিচার। আইনমন্ত্রীর এই বক্তব্য থেকে বোঝা যায়, তাদের কর্মকাণ্ডের সব কিছুই মিথ্যা ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।'' তিনি দেশের বর্তমান অবস্থাকে 'ক্রান্তিকাল' অভিহিত হিসেবে করেন। শেখ মুজিবুর রহমানই যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা করেছেন বলে মন্তব্য করেন মোশাররফ। আলোচনায় বিজেপি চেয়ারম্যান আবদুল মতিনের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শওকত হোসেন নিলু, মুসলিম লীগের মহাসচিব আতিকুল ইসলাম, বিজেপির মহাসচিব আবু নাসের মো. রাহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮২১ ঘ.