ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মো. মুজাহিদকে আগামী ২৮ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর দায়ের করা এ মামলায় ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার মঙ্গলবার এ নির্দেশ দেন।
মামলার অপর আসামি হলেন- জামায়াতের কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, ঢাকা জেলার আমির রফিকুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরের (দক্ষিণ) সভাপতি আসম ইয়াহিয়া।
তাদেরও ২৮ এপ্রিল আদালতে হাজির হতে বলা হয়েছে।
গত ২১ মার্চ এ মামলা দায়ের করেন রেজাউল। এরপর একই অভিযোগে বিভিন্ন স্থানে আরো কয়েকটি মামলা হয়। এর মধ্যে কয়েকটিতে নিজামী-মুজাহিদ উচ্চ আদালত থেকে আগাম জামিনও নিয়েছেন।
গত ১৭ মার্চ মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ছাত্র শিবিরের অনুষ্ঠানে রফিকুল ইসলামের দেওয়া একটি বক্তব্য নিয়ে মামলাগুলো হয়।
মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে- ওই সভায় নিজামীকে মহানবী (স.) এর সঙ্গে তুলনা করেন রফিকুল, যাতে মুসলমান হিসেবে বাদিরা আহত হয়েছেন।
তবে নিজামী ও মুজাহিদ ওই অনুষ্ঠানে ছিলেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এমআই/১৪১৪ ঘ.
bdnews24