২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কোন্দল নয়, প্রতিযোগিতা: মোশাররফ

চট্টগ্রামে বিএনপি নেতাদের মধ্যে কোন কোন্দল নয়, প্রতিযোগিতা আছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 03:11 PM

Updated : 24 Aug 2022, 07:56 PM

চট্টগ্রাম, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিএনপি নেতাদের মধ্যে কোন কোন্দল নয়, প্রতিযোগিতা আছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। রোববার বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে তিনি বলেন, "দলের ভেতরে নেতাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু কোন কোন্দল বা দ্বন্দ্ব নেই।" নগরীর লালদীঘির মাঠে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সোমবারের মহাসমাবেশ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন মোশাররফ। নেতাদের প্রতিযোগিতার প্রভাব কোনভাবেই ওই মহাসমাবেশে পড়বে না উল্লেখ করে তিনি বলেন, "কিছু মিডিয়া চট্টগ্রামের নেতাদের নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে।" মহাসমাবেশ থেকে খালেদা আন্দোলনের কোন কর্মসূচি দেবেন কি না তা স্পষ্ট করেননি মোশাররফ। সংবাদ সম্মেলনের মঞ্চে উপস্থিত মহানগর বিএনপি সভাপতি ও আমীর খসরু মাহমুদ চৌধুরী ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে দেখিয়ে মোশাররফ বলেন, "দ্বন্দ্ব থাকলে তারা একসাথে মঞ্চে এভাবে পাশাপাশি উপস্থিত হতে পারতেন না। চট্টগ্রামের নেতারা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ।" মহাসমাবেশকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান আমীর খসরু। সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্যে মহাসমাবেশে খালেদা জিয়াকে তার প্রাপ্য প্রটোকল এবং পর্যাপ্ত নিরাপত্তা দেয়ারও দাবি জানান তিনি। গত বছরের ১৯ নভেম্বর মহানগর বিএনপির সম্মেলনে নোমান-খসরু সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এর পর থেকে উভয় নেতার সমর্থকরা পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে বিএনপি দেশের ছয়টি বিভাগীয় শহরে ছয়টি মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে প্রথমটি চট্টগ্রামের লালদীঘি মাঠে হতে যাচ্ছে সোমবার। এ সমাবেশের প্রচার নিয়ে নোমন-খসরু সমর্থকদের মধ্যে কয়েকবার সংঘর্ষ হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, মহানগর বিএনপি'র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলার সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা বিএনপি'র সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সাংসদ শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি, মোস্তফা কামাল পাশা, সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম, রোজী কবীর, বিএনপিনেতা ডা. শাহাদাত হোসেন, এএ্ম নাজিম উদ্দিন, আসলাম চৌধুরী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন মাহমুদ টুকু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৫৪ ঘ.