২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খসরু-নোমান সমর্থকদের হাতাহাতি

নগরীর দেওয়ানহাট মোড়ে আমীর খসরু এবং নোমানের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2010, 03:40 PM

Updated : 24 Aug 2022, 07:53 PM

চট্টগ্রাম, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর দেওয়ানহাট মোড়ে আমীর খসরু এবং নোমানের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। শুক্রবার বিকাল ৪টা নাগাদ দেওয়ান হাট মোড়ে বিএনপি আয়োজিত সমাবেশের আগে মহানগর বিএনপি'র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। এসময় নোমানের পক্ষের কর্মীরা সমাবেশ মঞ্চের একটি অংশে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দেওয়ানহাট মোড়ে খসরু সমর্থিত ডবলমুরিং থানা বিএনপির উদ্যোগে এক সমাবেশের আয়োজন করা হয়। ডবলমুরিং থানার পদবঞ্চিত নোমান সমর্থিত কর্মীরা ক্ষুব্ধ হয়ে সমাবেশ মঞ্চের পেছনে কাপড়ে আগুন ধরিয়ে দেয়। অন্যরা দ্রুত পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। এসময় দুপক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টা ধাওয়া হয়। পরে আমীর খসরুর উপস্থিতিতে সমাবেশ হয়। আগামী ২৯ মার্চের জনসভা সফল করতে এ সমাবেশ ডাকা হয়। আমীর খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমাবেশস্থলে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।" ২৯ মার্চ বিএনপির মহাসমাবেশ বানচাল করতে এটি একটি পক্ষের অপপ্রচার বলে দাবি করেন তিনি। আবদুল্লাজ আল নোমান এরকম কোন ঘটনার কথা শোনেননি বলে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপির সমাবেশের মঞ্চের পেছনের একটি কাপড়ে আগুন লাগানো হলেও তা দলীয় কর্মীরা দ্রুত নিভিয়ে ফেলে।" ঘটনাস্থলে বিএনপি'র দুইপক্ষের কর্মীদের মধ্যে সামান্য হাতাহাতি হলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি উল্লেখ করে তানভীর বলেন, কোনপক্ষ থানায় অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৩৫ ঘ.