২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ দলেই জসিমের প্রতিদ্বন্দ্বী সাতজন

ভোলা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছেন আটজন। এর মধ্যে ওই আসনের সাবেক সংসদ সদস্য মো. জসিমউদ্দিনও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 01:45 PM

Updated : 24 Aug 2022, 07:51 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছেন আটজন। এর মধ্যে ওই আসনের সাবেক সংসদ সদস্য মো. জসিমউদ্দিনও রয়েছেন। নবম সংসদ নির্বাচনে জসিম আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হলেও অবসর সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে তার প্রার্থিতা বাতিল করে আদালত। আগামী ২৪ এপ্রিল সেখানে উপনির্বাচন হবে। আওয়ামী লীগ ওই আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে দলীয় মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়া বৃহস্পতিবার শুরু করেছে। দলের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, প্রথম দিনে আটজন মনোনয়নপত্র কিনে তা আবার জমা দিয়েছেন। তারা হলেন- মো. জসিমউদ্দিন, নুরুন্নবী চৌধুরী, এমএ কাশেম, মীর মোবাশ্বের আলী স্বপন, গিয়াস উদ্দিন আহমেদ, মো. জাহাঙ্গীর আলম, আনোয়ারুল ইসলাম রিপন ও শফিকুল ইসলাম বাদল। আগামী ২৯ মার্চ ওই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এর আগেই প্রার্থী চূড়ান্ত করা হবে বলে মৃণাল জানান। তিনি বলেন, "দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মনোনয়নপত্র জমা নেওয়ার সময় সবাইকে বলেছেন, প্রার্থী যাকেই করা হোক না কেন, দলের পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে।" ওই আসনে বিএনপি ইতিমধ্যে হাফিজউদ্দিন আহমেদকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। গত নির্বাচনে জসিমের কাছে ১৩ হাজার ভোটে হেরেছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯৩৫ ঘ.