ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে বিষক্রিয়ায় হত্যাচেষ্টার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদসহ সাতজনের বিরুদ্ধে সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলাটি খারিজ করেছে আদালত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বুধবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন।
শুনানি শেষে হাকিম এমদাদুল হক বিকালে তা খারিজের আদেশ দেন বলে ওই আদালতের পেশকার সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ মার্চ সংসদে বলেছিলেন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারা অন্তরীণ অবস্থায় তাকে 'স্লো পয়জনিং' করা হয়েছিলো।
সালাউদ্দিন তার আরজিতে এ বিষয়টি তুলে ধরে বলেন, "প্রধানমন্ত্রীর ওই বক্তব্য বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত এবং প্রকাশিত হয়েছে। আমি আশা করেছিলাম, আওয়ামী লীগের পক্ষ থেকে অথবা সরকারের পক্ষ থেকে এ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হবে। কিন্তু তা হয়নি।"
"শেখ হাসিনা আমার সংসদ নেতা। তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছে। এজন্য আমি ক্ষুব্ধ হয়ে মামলাটি করেছি", আরজিতে বলেন এ বিএনপি নেতা।
সালাউদ্দিনের আরজি খারিজের আদেশে আদালত বলেছে, সংবিধান অনুযায়ী সংসদের কার্যধারা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যায় না। সংসদে বলা কথার পরিপ্রেক্ষিতে কোনো অভিযোগ গ্রহণ করা আদালতের এখতিয়ার বহির্ভূত।
এ নালিশি আবেদন দাখিলের প্রক্রিয়া আইনসম্মত না হওয়ায় এ আবেদন খারিজ করা হলো, বলেছে আদালত।
আদেশে আরো বলা হয়, অভিযোগে বর্ণিত ঘটনার শিকার (শেখ হাসিনা) অনুরূপ অভিযোগ করতে সক্ষম। কিন্তু তার পক্ষে কেউ এ অভিযোগ আনেনি। এ অভিযোগকারী (সালাউদ্দিন) তার (হাসিনা) পক্ষে কোনো ক্ষমতাপত্রও আদালতে দাখিল করেননি।
আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির সালাউদ্দিনের বিরুদ্ধে বঙ্গবন্ধুকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার অভিযোগে ডজনখানেক মামলা রয়েছে, যে মামলাগুলো করেছে আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকরা।
সালাউদ্দিনের মামলার প্রতিক্রিয়ায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "তিনি অনেক কিছুই করেন। তার কর্মকাণ্ড বোঝা মুশকিল। কারণ তার কথা ও কাজের ঠিক নেই। এ বিষয়ে তার উপযাচক হয়ে কিছু করার দরকার নেই।"
সালাউদ্দিন তার মামলায় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাসহ আট জনকে সাক্ষী করেছিলেন।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশেষ কারাগারে থাকা অবস্থায় শেখ হাসিনার খাবারে বিষ মিশিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিলো বলে প্রথম অভিযোগ করেন সংসদ উপনেতা সাজেদা চৌধুরী। এরপর প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীও একই অভিযোগ করেন।
সালাউদ্দিন তার মামলায় লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, মেজর জেনারেল এটিএম আমিন, ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল হক বারী ও সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসানকেও বিবাদি করেন।
সকালে আদালতে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, 'তথাকথিত' তত্ত্বাবধায়ক সরকার দুই বছর দেশকে রাজনীতিশূন্য করার চেষ্টা করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিলো।
"শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান হলেও সংসদে তিনিই আমার নেতা। একজন সচেতন নাগরিক হিসেবে তাই আমি এ মামলা করতে বাধ্য হয়েছি।"
বিকালে আরজি খারিজের পর সালাউদ্দিন কাদেরের আইনজীবীরা জানিয়েছেন, তিনি (সালাউদ্দিন) এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/এমআই/১৯১০ ঘ.
bdnews24