চাঁদপুর, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে চাঁদপুরের আদালতেও একটি মামলা হয়েছে।
মঙ্গলবার এ মামলা দায়েরের পর চাঁদপুরের বিচার বিভাগীয় হাকিম মো. মোজাম্মেল হক ৬ মে'র মধ্যে পাঁচ আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বলে বাদি পক্ষের আইনজীবী মফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন- জামায়াতের কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসাইন সাইদী, ঢাকা মহানগর শাখার আমির রফিকুল ইসলাম, পল্টন থানা শাখার আমির শফিকুল ইসলাম।
মামলাটি করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলার সিনিয়র সহসভাপতি এবং সুন্নী-মুসলিম ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক নজির আহম্মদ পাটওয়ারী।
তিনি সাংবাদিকদের বলেন, "মহানবী সম্পর্কে কটূক্তি করায় আমি এ মামলা করেছি।"
গত বুধবার মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ছাত্র শিবিরের অনুষ্ঠানে রফিকুল ইসলামের দেওয়া একটি বক্তব্য নিয়ে এ মামলাটি করা হয়েছে। এর আগে ঢাকা ও লালমনিরহাটে এনিয়ে দুটি মামলা হয়।
রফিকুল ইসলামের উদ্ধৃতি দিয়ে গত বৃহস্পতিবার বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, "মহানবী যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, তখন তার ওপর অত্যাচার করা হয়েছে, মিথ্যাচার করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। তেমনী নিজামী সাহেবের বিরুদ্ধেও মিথ্যাচার করা হচ্ছে।"
তবে নিজামী ও মুজাহিদ ওই অনুষ্ঠানে ছিলেন না।
নজির আহমেদ বলেন, "মহানবী (স.) এর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এখন নিজামীর বিরুদ্ধেও হচ্ছে- এ উক্তিতে ইসলামী অনুভূতিতে মারাত্মকভাবে আঘাত সৃষ্টি হয়েছে, যা টাকার অঙ্কে পূরণ করা যাবে না। পরষ্পর যোগসাজশ করে এ বক্তব্য দিয়ে বিবাদিরা অপরাধমূলক কাজ করেছে।"
ঢাকার মামলার আদেশের তারিখ পরিবর্তন
ঢাকার হাকিম আদালতে দায়ের করা মামলার বিষয়ে মঙ্গলবার আদেশে দেওয়ার কথা থাকলেও হাকিম মেহেদী হাসান তালুকদার তা পরিবর্তন করে আগামী ৩০ মার্চ আদেশের তারিখ ঠিক করেছেন।
বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর দায়ের করা এ মামলায় নিজামী ও মুজাহিদ ছাড়া অন্য আসামিরা হলেন- রফিকুল ইসলাম, সাঈদী ও ছাত্রশিবিরের ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার সভাপতি আসম ইয়াহিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিবি/এমআই/১৭৪০ ঘ.
bdnews24