ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে ভিওআইপি সংশ্লিষ্টতার অভিযোগ আনায় সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে আরেকটি মানহানির মামলা হয়েছে।
মঙ্গলবার ঢাকার হাকিম আদালতে মামলা দায়েরের পর হাকিম মেহেদী হাসান তালুকদার ফারুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলাটি করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মসিউর মালেক। একই অভিযোগে বিএনপি নেতা ফারুকের বিরুদ্ধে এর আগে বিভিন্ন স্থানে ১০টির বেশি মামলা হলেও ঢাকার কোনো আদালতে এটাই প্রথম মামলা।
ফারুক গত ১১ মার্চ সংসদে বলেন, প্রধানমন্ত্রীর ছেলে সজিব আহমেদ ওয়াজেদ অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত। পরদিন এক সংবাদ ব্রিফিংয়েও একই অভিযোগ করেন তিনি।
মসিউর মালেক তার আরজিতে বলেন, সজিব বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র শাখার চেয়ারপারসন। তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনায় প্রতিষ্ঠানসহ বাদির নিজেরও মানহানি হয়েছে।
জয়নুল তার বিরুদ্ধে দায়ের করা ছয়টি মামলায় আগাম জামিন চেয়ে সোমবার হাইকোর্টে গেলে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৩১৫ ঘ.
bdnews24