২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় বিএনপির

ভোলার শূন্য আসনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও সেখানে সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে প্রধান বিরোধী দল বিএনপির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 07:43 AM

Updated : 24 Aug 2022, 07:46 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার শূন্য আসনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও সেখানে সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে প্রধান বিরোধী দল বিএনপির। ওই আসনে সেনাবাহিনী মোতায়েনের দাবি নিয়ে সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। আওয়ামী লীগের মো. জসিমউদ্দিনের সংসদ সদস্যপদ খারিজ হওয়ায় ভোলা-৩ আসনে আগামী ২৪ এপ্রিল আবার নির্বাচন হবে। সেখানে বিএনপি প্রার্থী করছে ওই আসনের সাবেক সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, নজরুল ইসলাম খান, সহসভাপতি হাফিজ এবং দপ্তর সপ্তাদক রিজভী আহমেদ সকালে ইসি কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ও মুহাম্মদ ছহুল হোসাইনের সঙ্গে বৈঠক করেন। এমকে আনোয়ার সাংবাদিকদের বলেন, "দেশের বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা- তা নিয়ে আমাদের শঙ্কা রয়েছে। এ জন্য প্রতিটি ইউনিয়নে এখন থেকে একজন করে ইসির কর্মকর্তা ও নির্বাচনের দিন সেনা মোতায়েনের দাবি আমরা জানিয়েছি।" তফসিল ঘোষণার পর ওই নির্বাচনী আসনে বিএনপির ৪৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, "প্রাক নির্বাচন ভয়ভীতি দেখানো হচ্ছে। এ পরিস্থিতিতে আমরা শঙ্কিত এ নির্বাচন কতখানি সুষ্ঠু হবে। সেনা মেতায়েন হলে এমন হবে না।" প্রশাসনের কাউকে নির্বাচনের দায়িত্ব না দিয়ে ইসির নিজস্ব কর্মকর্তা নিয়োগ এবং পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি নির্বাচন কমিশনারদের ভোলায় যাওয়ার দাবিও জানিয়েছে বিএনপি। ইসি বিএনপির দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে জানিয়ে আনোয়ার বলেন, "আমাদের দাবির বিষয়ে তারা (ইসি) রাজি হয়েছেন বলে মনে হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৩১৬ ঘ.