ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াকে যারা স্বাধীনতার ঘোষক মানতে রাজি নয়, তারাই 'প্রকৃত যুদ্ধাপরাধী' বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রোববার এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, '' আদালতের রায়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়নি। আদালতের কথায় আমরা মুক্তিযুদ্ধে যাইনি। মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা শুনে আমরা যুদ্ধে গেছি। তাই যারা জিয়া স্বাধীনতার ঘোষক নন দাবি করেন, তারাই প্রকৃত যুদ্ধাপরাধী।''
বিকালে মুক্তাঙ্গনে বিএনপি সাংসদ এম কে আনোয়ার ও জয়নুল আবদিন ফারুকসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা-হামলার প্রতিবাদের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
রাজধানীর কয়েকটি ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশ যোগ দেন।
গত ১৩ মার্চ আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সতর্ক করে দিয়ে বলেছিলেন, জিয়াউর রহমানকে যারা স্বাধীনতার ঘোষক বলবে, তাদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত বছর হাইকোর্টের এক রায়ে বলা হয়, জিয়াউর রহমান নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। পরবর্তিতে সুপ্রিম কোর্টও ওই রায় বহাল রাখে।
আইন প্রতিমন্ত্রীর ওই সতর্কবাণীর বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি নেতা গয়েশ্বর বলেন, "জিয়াকে জনগণ স্বাধীনতার ঘোষক বলবেই, তাদের মুখ কেউ বন্ধ করে রাখতে পারবে না।"
তিনি দেশ পরিচালনায় সরকারের 'ব্যর্থতার' কঠোর সমালোচনাও করেন।
সংঠনের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিঞা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাবেক ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৫৫ ঘ.
bdnews24