ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের বিরুদ্ধে ঢাকায় একটি মামলা হয়েছে।
রোববার সকালে হাকিম আদালতে এ মামলা করেছেন তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী।
হাকিম আবদুল্লাহ আল মামুনের আদালতে দুপুরে এর ওপর শুনানি হয়। হাকিম আগামী ২৩ মার্চ আদেশের দিন ঠিক করেছেন।
অর্থাৎ সেদিনই নির্ধারিত হবে মামলাটি চলবে কি না।
শুনানিতে আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট শফিউল বশর মাইজভাণ্ডারী ও মো. আব্দুর রাজ্জাক। অন্যদিকে জামায়াত নেতাদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এসএম কামালউদ্দিন।
এ মামলায় জামায়াতের কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, ঢাকা জেলার আমির রফিকুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরের (দক্ষিণ) সভাপতি আসম ইয়াহিয়াকেও আসামি করা হয়।
অভিযোগকারী জামায়াত নেতাদের ধর্মের অপব্যাখ্যাকারী হিসেবে অভিহিত করেছেন।
গত বুধবার মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ছাত্র শিবিরের অনুষ্ঠানে রফিকুল ইসলামের দেওয়া একটি বক্তব্য নিয়ে এ মামলাটি করা হয়েছে।
নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল তরিকত ফেডারেশনের রেজাউল হক চাঁদপুরী বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত রফিকুলের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, তিনি নিজামীকে মহানবী (স.) এর সঙ্গে তুলনা করে ধৃষ্টতা দেখিয়েছেন। মহানবীর অনুসারী ইসলাম ধর্মাবলম্বীরা এতে আঘাত পেয়েছেন।
তরিকত নেতা মামলার এজাহারে বলেন, "জামায়াত নেতারা মুক্তিযুদ্ধে বহু নিরীহ মানুষ হত্যা করেছে। এখন রাজনীতি করার সুযোগ পেয়ে ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরা ইসলামের অপব্যাখ্যাকারী।"
রফিকুল ইসলামের উদ্ধৃতি দিয়ে গত বৃহস্পতিবার বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, "মহানবী যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, তখন তার ওপর অত্যাচার করা হয়েছে, মিথ্যাচার করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। তেমনী নিজামী সাহেবের বিরুদ্ধেও মিথ্যাচার করা হচ্ছে।"
আসামিদের মধ্যে তিনজন ওই অনুষ্ঠানে থাকলেও নিজামী ও মুজাহিদ ছিলেন না।
এ বিষয়টি তুলে ধরে শুনানিতে জামায়াত নেতাদের আইনজীবী কামালউদ্দিন বলেন, যারা অনুষ্ঠানস্থলে উপস্থিতই ছিলেন না, তাদের বিরুদ্ধে এ অভিযোগ আনা যায় না। তাছাড়া অভিযোগকারী তার ধর্মীয় অনভূতিতে আঘাতের বিষয়টিও এজাহারে স্পষ্ট করেননি।
লালমনিরহাটেও মামলা
একই অভিযোগে লালমনিরহাটের আদালতেও নিজামীসহ চার জামায়াত নেতার বিরুদ্ধে মামলা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর লালমনিরহাট প্রতিনিধি জানিয়েছেন।
রোববার লালমনিরহাট বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। হাকিম আবু নাসের মো. জিয়াউল হক অভিযোগটি আমলে নিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন- সাঈদী, রফিকুল ও জামায়াতের পল্টন থানা শাখার আমির শফিকুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/প্রতিনিধি/এমআই/১৭১০ ঘ.
bdnews24