কক্সবাজার, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের রায় উপেক্ষা করে জিয়াউর রহমানকেই 'স্বাধীনতার ঘোষক' বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ। (আরো তথ্যসহ)
শনিবার বিকালে কক্সবাজারে বিএনপির তৃণমূল প্রতিনিধি সভায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত বলেন, "স্বাধীনতার ঘোষণা কোনো ফিস ফিস কথা নয়। পৃথিবীর সবাই জানে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক।"
গত ১৩ মার্চ আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সতর্ক করে দিয়ে বলেছিলেন, জিয়াউর রহমানকে যারা স্বাধীনতার ঘোষক বলবে, তাদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত বছর হাইকোর্টের এক রায়ে বলা হয়, জিয়াউর রহমান নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। পরবর্তিতে সুপ্রিম কোর্টও ওই রায় বহাল রাখে।
জেলা শহরের একটি হোটেলে আয়োজিত কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে শওকত মাহমুদ উপস্থিত সবার কাছে স্বাধীনতার ঘোষক কে তা জানতে চান। সবাই সমস্বরে জবাব দেন, "শহীদ জিয়াউর রহমান"।
এর সূত্র ধরে সাংবাদিক নেতা শওকত বলেন, "আদালত রায় দিয়েছেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন। আপনারা কি আদালতের এই রায় মানেন?"
সবাই বলেন, "মানি না, মানি না"।
শওকত মাহমুদ তখন বলেন, "অথচ বটতলার উকিল আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, যারা এই রায় মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
"তাহলে তো শহীদ তাজউদ্দিনের বিচার প্রথমেই করতে হবে। তিনিই প্রথম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছিলেন- আমরা কৃতজ্ঞ যে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন।
"তারপর বিচার করতে হয় ইন্ধিরা গান্ধীর। তিনিও মেজর জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে গেছেন।
"বঙ্গবন্ধুও জীবদ্দশায় কখনো বলেননি, তিনিই স্বাধীনতা ঘোষণা করেছেন। তাই সংবিধানেও স্বাধীনতার ঘোষক হিসেবে নিজের নামটি লিখতে লজ্জা পেয়েছিলেন বঙ্গবন্ধু।"
খালেদা জিয়ার এই উপদেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, "শহীদ জিয়ার কারণেই আপনি বাংলাদেশে ঢুকতে পেরেছেন। আজ প্রধানমন্ত্রী হতে পেরেছেন। যখনই আপনি 'গণভবনে' যাবেন, যাওয়ার পথে শহীদ জিয়ার মাজারের প্রতি সশ্রদ্ধ অভিবাদন দিয়ে যাবেন।
"আর শহীদ জিয়ার মাজার ভাঙা ও খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করলে আপনি বাংলাদেশেই থাকতে পারবেন না। আপনার হাত গুঁড়িয়ে দেওয়া হবে।"
সম্মেলনে বক্তারা বলেন, তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র চলছে। জরুরি অবস্থার সময় তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তিনতলা থেকে ফেলে দেওয়া হয়েছে। যখন তিনি দেশে ফিরবেন তখন সব ষড়যন্ত্র বানের জলের মতো ভেসে যাবে।
যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে শওকত বলেন, "সরকার এখন যুদ্ধাপরাধের বিচার নিয়ে ব্যস্ত। আমরাও যুদ্ধাপরাধের বিচার চাই। কিন্তু প্রধানমন্ত্রীর বেয়াইয়ের যুদ্ধাপরাধের বিচার কে করবে?
"প্রধানমন্ত্রী দাবি করেন, যুক্তরাষ্ট্র তার পিতাকে হত্যা করিয়েছে। অথচ তিনি নিজের ছেলেকে পড়ান যুক্তরাষ্ট্রে। মেয়েকে বিয়ে দেন যুদ্ধাপরাধীর ছেলের কাছে। ছেলেকে বিয়ে করান পিতার হত্যাকারীর দেশে। এই দ্বৈত আচরণ বাংলাদেশের মানুষ বোঝে।"
কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ লুৎফুর রহমান কাজলের সভাপতিত্বে প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপার্সনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংসদ বরকত উল্লাহ বুলু, জাফরুল ইসলাম চৌধুরী, হাসিনা আহমদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইনামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোকতার আহমদ, বিএনপির য্গ্মু মহাসচিব ও প্রতিনিধি সভার প্রধান সমন্বয়ক সালাহ উদ্দিন আহমদ, দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার মুক্তিযোদ্ধা দলের সভাপতি সোহরাব হোসেন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আসলাম চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাজহারুল হক দোলন, উপজাতি বিষয়ক সম্পাদক ম্যা মা চিং মারমা, কেন্দ্রীয় সদস্য মাহবুবে রহমান শাহীন, বেলাল আহমদ, কক্সবাজার জেলা সভাপতি শাহজাহান চৌধুরী, বান্দরবান জেলা সভাপতি সা চিং প্র সু জেরি, কেন্দ্রীয় সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, গাজী শাহজাহান জুয়েল, তকদির হোসেন মোহাম্মদ জসিম, নুরী আরা শেফা, দস্তগীর চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী।
সভায় তৃণমূল পর্যায়ের ১২ শ'য়েরও বেশি প্রতিনিধি অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২১৩৪ ঘ.
bdnews24