নারায়ণগঞ্জ, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার দাপা এলাকায় শুক্রবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
নিহত মো. সোহেল (৩৫) ফতুল্লা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক।
একই ঘটনায় আহত জসিম (৩৫) নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি রিভলবার উদ্ধার করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আওয়ামী লীগের দু'গ্র"পের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসীর বরাত দিয়ে ফতুল্লা থানা পুলিশ জানিয়েছে, দুপুরে উপজেলার পিলুকনি এলাকার ফজলু মিয়ার ছেলে মোমেনের সঙ্গে সোহেলের বন্ধু মানিকের কথা কাটাকাটি হয়। এ ঘটনায় যুবলীগ নেতা হিটলারের সমর্থকরা মানিককে মারধর করে আটকে রাখে। খবর পেয়ে সোহেল ও তার লোকজন গিয়ে মানিককে ছাড়িয়ে আনে।
সন্ধ্যায় সোহেল তার লোকজন নিয়ে দাপা আর্দশ স্কুলের সামনে অবস্থান করছে খবর পেয়ে হিটলার দলবল নিয়ে সোহেল ও জসীমকে ঘিরে ফেলে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে সোহেলকে হত্যা এবং জসীমকে মারাত্মক জখম করে।
নিহত সোহেলর ভাই জুয়েল অভিযোগ করে বলেন, "যুবলীগ নামধারী 'সন্ত্রাসী' হিটলারের নেতৃত্বে সন্ত্রাসীরা তার ভাইকে প্রকাশ্যে ফতুল্লা থানার এএসআই আবুল বাশারের সামনে হত্যা করেছে।"
এ সময় পুলিশ নীরব ছিল বলেও তিনি অভিযোগ করেন।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার বলেন, এখনো কোনো মামলা হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর পেয়ে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাশার ঘটনাস্থলে যান বলেও তিনি জানান।
তিনি বলেন, নিহত সোহেল ফতুল্লার শেহাচর এলাকার প্রয়াত মো. হানিফের ছেলে। সোহেল এলাকায় শুটার সোহেল হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ৪/৫টি মামলা রয়েছে।
এএসআই আবুল বাশারের উপস্থিতিতে হত্যাকাণ্ড হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। উদ্ধার করা রিভলবারটি কার তার খোঁজ করা হচ্ছে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৫ ঘ.
bdnews24