২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা চ্যালেঞ্জে কোনো ছাড় নয়: হাফিজ

ভোলা-৩ আসনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে বিএনপির সহসভাপতি হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, বিনা চ্যালেঞ্জে সরকারি দলকে ছাড় দেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2010, 10:11 AM

Updated : 24 Aug 2022, 07:41 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে বিএনপির সহসভাপতি হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, বিনা চ্যালেঞ্জে সরকারি দলকে ছাড় দেওয়া হবে না। আগেরবার ১৩ হাজার ভোটে হারলেও শূন্য ঘোষিত ওই আসনে এবার জয়ের বিষয়ে আশাবাদী তিনি। নির্বাচন সুষ্ঠু করতে সেনা মোতায়েনের দাবিও জানান অবসরপ্রাপ্ত এ সেনা কর্মকর্তা। অবসরের বিধি লঙ্ঘন করায় ভোলা-৩ আসনে সরকারদলীয় সংসদ সদস্য মো. জসিমউদ্দিনের প্রার্থিতা বাতিল করে আদালত। আগামী ২৪ এপ্রিল ওই আসনে ভোট গ্রহণের দিন রেখে বৃহস্পতিবার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। হাফিজ শুক্রবার তার বাড়িতে সাংবাদিকদের বলেন, "নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আমি গতকালই (বৃহস্পতিবার) দেখা করেছি। সিদ্ধান্ত হয়েছে, বিনা চ্যালেঞ্জে কিছু ছেড়ে দেওয়া হবে না। জনগণের স্বার্থে আমরা নির্বাচনে অংশ নেবো।" নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে বিএনপি প্রশ্ন তোলার পরও এ ক্ষেত্রে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে হাফিজ বলেন, "উপনির্বাচন সুষ্ঠু করার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার মডেল নির্বাচন করার যে অঙ্গীকার ব্যক্ত করেছেন, তাতে আমরা আশাবাদী হয়েছি। আশা করি, তারা অতীতের ভুল শুধরাবে।" "মিথ্যা তথ্য দেওয়ার জন্য জসিমউদ্দিনের সদস্যপদ আদালত অবৈধ ঘোষণা করলে আমি অপর প্রার্থীদের নিয়ে পুনর্নির্বাচনের দাবি করেছিলাম। কিন্তু নির্বাচন কমিশন তা না করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এরপরও আমরা জনগণের স্বাথে উপনির্বাচনে অবশ্যই অংশ নেবো", বলেন সাবেক এ সংসদ সদস্য। সেনা মোতায়েনের বিষয়ে তিনি বলেন, "আইনি কোনো জটিলতা না থাকলে প্রয়োজনে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী মোতায়েনের ব্যবস্থা নিতে বলবো।" ভোলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে হাফিজ বলেন, সেখানে সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে এলাকার মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। উপনির্বাচনে স্থানীয় প্রশাসনকে নিরপেক্ষ এবং পর্যাপ্ত দেশি-বিদেশি পর্যবেক্ষক দল রাখার জন্যও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬০০ ঘ.