২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা সফরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা

১৫টি দলে ভাগ হয়ে জেলা সফর শুরু করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2010, 09:47 AM

Updated : 24 Aug 2022, 07:40 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫টি দলে ভাগ হয়ে জেলা সফর শুরু করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। অধিকাংশ দলেই নেতৃত্ব দিচ্ছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্যরা। এ সফরে সরকারের সাফল্য তুলে ধরার পাশাপাশি বিরোধী দলের 'নেতিবাচক' কর্মকাণ্ডের বিষয়েও জনগণকে সচেতন করা হবে বলে দলের পক্ষ থেকে বলা হয়েছে। সফরে বিভিন্ন জনসভা-পথসভায় বক্তৃতার পাশাপাশি দলের ভিত মজবুত এবং নেতা-কর্মীদের চাঙা করতে তৃণমূল কর্মীদের নিয় বর্ধিত সভাও করবে কেন্দ্রীয় নেতারা। সফরের প্রথম দিনে নীলফামারী, রাজশাহী মহানগর, পিরোজপুর ও সুনামগঞ্জে জনসভা ও বর্ধিত সভা হবে বলে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, মাসব্যাপী এ সফরে দেশের বিদ্যমান আর্থ-সমাজিক ও রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক পরিকল্পনা তৃণমূল পর্যায়ে তুলে ধরা হবে। এ সময় সদস্য সংগ্রহ অভিযানও চলবে। সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বাধীন দলটি মুন্সীগঞ্জ, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের কর্মসূচিতে অংশ নেবে। টাঙ্গাইল, জামালপুর, শেরপুর ও ময়মনসিংহ সফরকারী দলটির নেতৃত্ব দেবেন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। নেত্রকোনা, কিশোরগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ যাবে সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর নেতৃত্বাধীন দল। সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নেতৃত্বে দলটি যাবে রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরিয়তপুর। সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমাষুনের নেতৃত্বে দলটি যাবে বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর। সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বাধীন দলটি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা (উত্তর ও দক্ষিণ) ও চাঁদপুর জেলা সফর করবে। সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্ল্যাহর নেতৃত্বে দলটি যাবে যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা। জয়পুরহাট, বগুড়া, নওগাঁ ও নাটোর সফর করবে সভাপতিমণ্ডলীর সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর নেতৃত্বাধীন দল। সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর নেতৃত্বাধীন দলটি যাবে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী সফর করবে সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়ের নেতৃত্বের দল। সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটি যাবে ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ সফর করবে কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ নাসিমের নেতৃত্বের দলটি। যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-হক হানিফের নেতৃত্বে দলটি যাবে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ। শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বের দলটি সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কর্মসূচিতে অংশ নেবে। এছাড়া, সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে আরেকটি দল চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবান সফরে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫৩৫ ঘ.