ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের বর্তমান স্পিকার আবদুল হামিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার।
বুধবার বিকালে রাজধানীর মুক্তাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশে জমিরউদ্দিন সরকার বলেন, ''স্পিকার নিরপেক্ষভাবে সংসদ পরিচালনা করছেন না। সরকারি দলের সদস্য জিয়াকে খুনী বললে মাইক বন্ধ হয় না। বিরোধী দল থেকে এর প্রতিবাদ জানালে মাইক বন্ধ করে দেওয়া হয়।
"যে সংসদে স্পিকার নিরপেক্ষ থাকেন না, সেই সংসদ কার্যকর হতে পারে না,'' বলেন জমির।
তিনি অভিযোগ করেন, সরকারি দল সংসদকে এক দলীয় বাকশালের দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে।
দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ম্ক্তুঙ্গানে এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করে বিএনপি।
সমাবেশে কুমিল্লায় নির্বাচনী এলাকায় সংসদ সদস্যএম কে আনোয়ারের বাড়িতে হামলা, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে মিথ্যা মামলা, আর্ন্তজাতিক সম্পাদক আ ন ম এহছানুল মিলনকে একটি মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর সমালোচনা করেন সাবেক স্পিকার।
প্রয়াত নেতা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণে দলীয় নেতা-কর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ারও আহবান জানান তিনি।
জয়নুল আবদিন ফারুক তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে মামলা দায়েরের সমালোচনা করেন।
তিনি সংসদে স্পিকারের দলীয় পক্ষ অবলম্বনেরও সমালোচনা করেন।
প্রধানমন্ত্রীর ছেলে সজীব আহমেদ ওয়াজেদের বিরুদ্ধে ভিওআইপি ব্যবসার অভিযোগ করার পর থেকে বিভিন্ন স্থানে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুলের বিরুদ্ধে সরকারি দলের নেতারা মানহানি মামলা করছেন।
দলের সহসভাপতি সেলিমা রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিঞা, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, রাজিয়া ফয়েজ, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, শ্রমিক দলের সাধারণ জাফরুল হাসান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯২০ ঘ.
bdnews24