নাটোর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষের ঘটনায় যুবলীগ সভাপতি ও সম্পাদকসহ ৪৯ নেতা-কর্মীর বিরুদ্ধে বুধবার থানায় চারটি মামলা হয়েছে।
এ ঘটনায় স্বপন ও শহীদ নামের দুই যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা যুবলীগের দুই অংশের নেতারা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছেন।
মঙ্গলবার দুপুরে নাটোর শহরের কানাইখালি এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ও সাংবাদিকসহ অন্তত আটজন আহত হন।
নাটোর সদর থানার ওসি আব্দুল্লহ আল মামুন বলেন, মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় পৃথক চারটি মামলায় জেলা যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম রমজান, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, সহ-সভাপতি বাসিরুর রহমান খান ওরফে এহিয়া চৌধুরীসহ ৪৯ নেতা কর্মীকে আসামি করা হয়েছে।
এর মধ্যে দু'টি মামলার বাদী হলেন- শফিকুল ইসলাম শিমুলের সমর্থক সজল ও শেফালি বেগম। অপর দু'টি মামলার বাদী এহিয়া চৌধুরীর সমর্থক গোলাম মওলা ও মিজানুর রহমান।
এদিকে এ ঘটনায় দুপুরে দু'পক্ষই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।
বেলা সাড়ে ১২টায় জেলা যুবলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সভাপতি শরিফুল ইসলাম রমজান ও সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।
তারা অভিযোগ করেন, এহিয়া চৌধুরী ভেতরে থেকে দল ধ্বংস করার কাজে লিপ্ত রয়েছেন। তিনি পাবনার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুজন ওরফে ইকবালসহ যুবদল ক্যাডারদের আশ্রয় প্রশ্রয় দিয়ে নাটোরে সন্ত্রাস চালাচ্ছেন। মঙ্গলবারের ঘটনা তারই অংশ।
সংবাদ সম্মেলনে তারা পুলিশ সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ করেন।
দুপুর সাড়ে ৩টায় অপর সংবাদ সম্মেলন করেন জেলা যুবলীগের সহ-সভাপতি এহিয়া চৌধুরী।
নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজে এবং বঙ্গবন্ধু পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন।
তারা অভিযোগ করেন, ঘটনার সময় যারা প্রকাশ্যে অস্ত্র হাতে হামলা চালিয়েছেন পুলিশ তাদের পুলিশ গ্রেপ্তার করেনি। হামলাকারীদের ছবি বুধবার বিভিন্ন পত্রিকায় ছাপানো হয়েছে বলেও তারা জানান।
সদর সার্কেল সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আপেল মাহমুদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতরা সবাই সরকার সমর্থক হওয়ায় তাদের ব্যাপারে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া যায়নি। তবে মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) নির্দেশ দিলে বুধবার থেকে গ্রেপ্তার অভিযান শুরু হয়।
মঙ্গলবার দুপুরে নাটোর শহরের কানাইখালি এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বাস কাউন্টার, ব্যবসা প্রতিষ্ঠান ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে।
সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত আটজন আহত হন। এর মধ্যে একজন যুবলীগ নেতা গুলিবিদ্ধ হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৫ ঘ.
bdnews24