ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ সম্পর্কে অপপ্রচারের অভিযোগে সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে দুটি মানহানি মামলা হয়েছে।
সোমবার শরীয়তপুর মুখ্য হাকিম আদালতে করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছেন বাদির আইনজীবী।
এ মামলার বাদি জেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন হাওলাদার।
কেন্দ্রীয় যুবলীগের সদস্য শাহেদ উদ্দিন বাদি হয়ে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে জয়নুলের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন।
গত বৃহস্পতিবার সংসদ অধিবেশনে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, সজীব ভিওআইপি ব্যবসায় জড়িত।
আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসায় বিএনপি সজীবকে অভিনন্দন জানানোর কয়েকদিন পরই এ অভিযোগ করেন জয়নুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধির পাঠানো খবর:
শরীয়তপুর: সোমবার দুপুরে শরীয়তপুর ছাত্রলীগের সভাপতি আলমগীর মুখ্য হাকিম উৎপল ভট্টাচার্যের আদালতে মামলাটি করেন। তিনি অভিযোগ করেন, সজীবের বিরুদ্ধে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করায় তার ও ছাত্রলীগের সম্মানহানি হয়েছে। এর জন্য তিনি একশ' কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন।
হাকিম উৎপল ভট্টাচার্য মামলাটি আমলে নিয়ে বিএনপি নেতা জয়নুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বলে সাংবাদিকদের জানিয়েছেন বাদির আইনজীবী অ্যাডভোকেট মীর সাহাব উদ্দিন।
আলমগীর সাংবাদিকদের বলেন, "বিরোধীদলীয় চিফ হুইপের বক্তব্যর কারণে সজীবের যেমন মানহানি হয়েছে তেমনি সমাজে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ কারণেই আমি মামলাটি করেছি।"
মামলা করার পর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ছাত্রলীগ নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে। পরে আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, শহিদুল ইসলাম কোতোয়াল প্রমুখ।
জয়নুলের বিরুদ্ধে মানহানি মামলা করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শরীয়তপুর পৌর বিএনপির সভাপতি আবদুল মান্নান মাদবর, সাধারণ সম্পাদক দুলাল খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা মনিরুজ্জামান খান দিপু, জালাল আহম্মেদ সবুজ ও জেলা ছাত্রদলের সভাপতি রুহুল আমীন মুন্সী।
চট্টগ্রাম: বাদিপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দণ্ডবিধির ৫০০ ও ৫০১ বিরোধীদলীয় প্রধান হুইপের বিরুদ্ধে মামলাটি করা হয়।
মহানগর হাকিম অভিযোগ আমলে নিয়ে আগামী ১৬ মে জয়নুল আবদিন ফারুককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
বাদি যুবলীগ নেতা শাহেদ তার অভিযোগে বলেন, জয়নুল আবদিন কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই সজীবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন, যা ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর পরিবারের সম্মানহানি করা হয়েছে।
ওই দলের একজন কর্মী হিসেবে দলের প্রধানের পরিবারের সদস্যদের হেয় করায় তিনি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএসবি/২১১৯ ঘ.
bdnews24