২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বঙ্গবন্ধুর খুনী' ফেরাতে ইন্টারপোল সদরে বাংলাদেশ পুলিশ

বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডিত পলাতকদের বিষয়ে ইন্টারপোলের লাল নোটিশ কার্যকর করতে ইন্টারপোল সদরদপ্তরে গেছেন বাংলাদেশ পুলিশের এক কর্মকর্তা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 03:51 PM

Updated : 26 Apr 2022, 12:55 AM

জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এতথ্য জানিয়েছেন।

দণ্ডিতদের কে এখন কোন দেশে রয়েছেন তাও সংসদে প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশনের (ইন্টারপোল) সদরদপ্তর ফ্রান্সের লিয়ঁ শহরে।

ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পলাতক আসামীদের ব্যাপারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ পাঠানো হয়েছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রেড নোটিশ কার্যকর করার ব্যবস্থা নিতে পুলিশের একজন কর্মকর্তাকে ইন্টারপোল সদরদপ্তরে পাঠানো হয়েছে।

ওই কর্মকর্তা ইন্টারপোল মহাসচিবকে একটি চাহিদাপত্র পাঠিয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদের আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি জানান, এই খুনীদের দেশে ফিরিয়ে আনতে সরকারের আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে।

সাহারা খাতুন জানান, বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডিত আসামীদের মধ্যে এম রাশেদ চৌধুরী (রেড নোটিশ কন্ট্রোল নম্বর এ-২৬১৯/৮-২০০৯) কানাডা, জার্মানি, লিবিয়া, থাইল্যান্ড বা আমেরিকায় রয়েছেন। এস এইচ এম বি নূর চৌধুরী (রেড নোটিশ কন্ট্রোল নম্বর এ-১৮৩৬/১-২০০৬) কানাডা বা পাকিস্তানে রয়েছেন। খান মোসলেম উদ্দিন (রেড নোটিশ কন্ট্রোল নম্বর এ-২৬২০/৮-২০০৯) ভারত বা পাকিস্তানে রয়েছেন। আব্দুর রশিদ খন্দকার (রেড নোটিশ কন্ট্রোল নম্বর এ-১১৮১/৬-২০০৯) যুক্তরাজ্য, লিবিয়া, থাইল্যান্ড, আমেরিকা, বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, লেবানন, পোল্যান্ড বা সুইজারল্যান্ডে রয়েছেন। শরীফুল হক ডালিম (রেড নোটিশ কন্ট্রোল নম্বর এ-২৬১৯/৮-২০০৯) যুক্তরাজ্য, থাইল্যান্ড, আমেরিকা, লিবিয়া, চীন, হংকং বা কেনিয়ায় রয়েছেন। আব্দুল মাজেদ (রেড নোটিশ কন্ট্রোল নম্বর এ-১৮৩৭/৬-২০০৯) ভারত বা পাকিস্তানে রয়েছেন।