রাজশাহী, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা ও বঙ্গবন্ধু হলে শিবিরের হামলায় পৃথক দু'টি মামলায় ৩৭ শিবির নেতাকর্মীর জামিনের আবেদন রোববার নাকচ করেছে আদালত।
দুপুরে তাদেরকে মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে হাজির করার পর আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম জামিনের আবেদন করেন।
শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে সবাইকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়ে আগামী ৩১ মার্চ উভয় মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।
রাষ্ট্রপক্ষে আসামিদের জামিনের বিরোধিতা করেন কোর্ট পরিদর্শক রায়হান।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের হামলার ঘটনায় গ্রেপ্তার স্থানীয় জামায়াত নেতা গিয়াস উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার সন্ধ্যার পর রাজশাহী মহানগর হাকিম আদালতের বিচারক জিয়াউর রহমান তার জবাবনবন্দি নেন।
মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন খান সাংবাদিকদের বলেন, ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য গিয়াস উদ্দিনকে শনিবার বিকালে মহানগর হাকিমের খাস কামরায় নেওয়া হয়। রাত পৌনে ১০টা পর্যন্ত তার জবানবন্দি রেকর্ড করা হয়।
জবানবন্দিতে গিয়াস উদ্দিন গত ৮ ফেব্র"য়ারি রাতে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ছাত্রহত্যা, হলে হলে তাণ্ডব ও পুলিশের ওপর হামলার বিস্তারিত বিবরণ দিয়েছেন বলেও পুলিশ কর্মকর্তা জানান।
এ ছাড়া তিনি সাংবাদিকদের বিস্তারিত কিছু জানাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩০০ ঘ.
bdnews24