ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বললে ব্যবস্থা নেওয়া হবে' বলে আইন প্রতিমন্ত্রী সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য মওদুদ আহমদ।
রোববার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংবিধানের ১১১ ও ১১২ অনুচ্ছেদের উদ্বৃতি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, "আইন প্রতিমন্ত্রী নিয়মানুযায়ী স্বাধীনতার ঘোষণা নিয়ে কোন ফরমান জারি করতে পারেন না। এই ধরনের কোন এখতিয়ার তার নেই।"
জিয়াউর রহমানকে যারা স্বাধীনতার ঘোষক বলবে, তাদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলে শনিবার সতর্ক করেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
রোববার মওদুদের বক্তব্যের পর স্পিকার বলেন, "বিষয়টি সম্পর্কে আইন প্রতিমন্ত্রী ব্যাখ্যা দেবেন।"
গত বছর হাইকোর্টের এক রায়ে বলা হয়, জিয়াউর রহমান নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। পরবর্তি সময়ে সুপ্রিম কোর্টও ওই রায় বহাল রাখে।
আইন প্রতিমন্ত্রী শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে এক কর্মশালায় সাংবাদিকদের বলেন, "সরকার এতদিন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তবে এভাবে চলতে থাকলে সংবিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। কেননা সুপ্রিম কোর্টের রায় মানতে সবাই বাধ্য।"
প্রতিমন্ত্রী সুনির্দিষ্টভাবে কাউকে অভিযুক্ত না করলেও স্পষ্টতই বিরোধী দলের নেতাদের দিকে ইঙ্গিত করেন। কারণ বিএনপি নেতারা তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার 'ঘোষক' বলে অভিহিত করে থাকে; যদিও এ বিষয়ে আদালতের রায়ও তাদের পক্ষে নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১১৭ ঘ.
bdnews24