ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ছেলে সজীব আহমেদ ওয়াজেদের বিরুদ্ধে বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের আনা 'দুর্নীতির' অভিযোগের প্রমাণ দিতে বলেছে সরকারি দল আওয়ামী লীগ।
শনিবার বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মির্জা আজম বলেন, "আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তাদের কাছে কী কাগজপত্র আছে ? তা জাতির সামনে উপস্থাপন করুক।"
শুক্রবার সকালে জয়নাল ফারুক এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে তার আনা দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, "সরকার চাইলে আমরা সব ধরনের তথ্য-উপাত্ত দিয়ে তাদের সহযোগিতা করতে পারি। স্পেক্ট্রা সলিউশন নামে একটি কোম্পানির মাধ্যমে এ ব্যবসা শুরু করে বর্তমান প্রধানমন্ত্রীর (হাসিনা) আত্মীয়।"
এই সংবাদ সম্মেলনের কারণে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে অভিযোগ করে ফারুক শুক্রবার গুলশান থানায় একটি জিডি করেন।
বৃহস্পতিবার ফারুক সংসদে প্রথমবারের মতো এ অভিযোগ করে বলেছিরেলন, সজীব আহমেদ অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত।
ফারুকের বক্তব্যের জবাবে মির্জা আজম শনিবার বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এবং তার দু'ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের 'কুৎসিত চেহারা ও বিএনপির নষ্ট রাজনীতিকে' আড়াল করতেই সজীব আহমেদ ওয়াজেদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
বিএনপি সজীবকে তারেকের সমান্তরাল বানানোর চেষ্টা করছে মন্তব্য করে আজম বলেন, "তারা এভাবে করতে চাইলে প্রয়োজনীয় যে যে পদক্ষেপ নেওয়ার দরকার তা নেওয়া হবে। রাজনৈতিক ও আইনি সব পদক্ষেপই নেওয়া হবে।
ফারুকের বক্তব্যকে 'মিথ্যা, সম্পূর্ণ ভিত্তিহীন, কল্পিত, বানোয়াট, শঠতাপূর্ণ প্রতারণামূলক ও হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' আখ্যায়িত করে আজম বলেন, "সজীব আহমেদ বাংলাদেশের লক্ষ তরুণের রোল মডেল। অন্যদিকে, তারেক-কোকো আজ দুর্নীতির প্রতিশব্দ।"
মানহানি মামলা করা হবে কিনা জানতে চাইলে আজম বলেন, দলীয় ফোরামে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরো বলেন, "খালেদা জিয়ার পরিবারের ডজনখানেক সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। নিজের পিতার নামে জিয়া অরফানেজ ট্রাস্ট করে কুয়েত সরকারের দেওয়া টাকা চুরি করতেও খালেদা জিয়ার দু'ছেলে লজ্জা পায়নি। তারেক রহমানের মা ও শ্বাশুড়ি একইসঙ্গে দুর্নীতি মামলার আসামী যা গিনেস বুকে স্থান পাওয়ার দাবি রাখে।
ফারুককে প্রাণনাশের হুমকির অভিযোগ প্রসঙ্গে সংসদের হুইপ আজম বলেন, কালকে হয়তো নতুন কোনো ইস্যু তৈরি করতে তারা নিজেরাই এগুলো করছে। তাদের (বিএনপি) সাজানো নাটক বাংলাদেশের মানুষ জানতে পারছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাশ, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মাহবুবুল হক শাকিল, সাংসদ তানভির শাকিল জয়, শাহরিয়ার আলম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/২০৩৮ ঘ.
bdnews24