ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্যাঞ্চলে বৌদ্ধদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হচ্ছে এবং যুক্তরাষ্ট্র সেখানে খ্রিস্ট-রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। এ অভিযোগ করেছেন প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশী।
পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী ও বাঙালি প্রত্যাহারের দাবি রাষ্ট্রদ্রোহমূলক বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোরেশী বলেন, "আমেরিকাসহ কয়েকটি দেশ পার্বত্য চট্টগ্রামকেন্দ্রিক খ্রিস্ট-রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর। তারা সেখানে খ্রিস্টান মিশন পরিচালনার মাধ্যমে বৌদ্ধদের ধর্মান্তরিত করার চেষ্টা করছে। এ ক্ষেত্রে কয়েক বছরে বেশ কিছুটা সফলও তারা হয়েছে।"
"এ অবস্থা চললে আগামী ২০ থেকে ৩০ বছর পর ওই অঞ্চল আর আমাদের সঙ্গে নাও থাকতে পারে", বলেন তিনি।
পার্বত্যাঞ্চল থেকে সৈন্য সরানোর বিরোধিতা তিনি বলেন, "ওই দাবি সাংবিধানিকভাবেই দেশদ্রোহিতামূলক। এ দাবির পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে। বরং পার্বত্য চট্টগ্রামে বর্তমানে যে পরিমাণ সেনা সদস্য রয়েছে, তাও অপর্যাপ্ত।"
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের প্রতিটি সীমান্তই সেনাবাহিনী দিয়ে সুরক্ষিত করা উচিত বলে মনে করেন কোরেশী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫৪০ ঘ.
bdnews24