ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভিওআইপি ব্যবসায় জড়িত।
আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসায় বিএনপি জয়কে অভিনন্দন জানানোর কয়েকদিন পরই একথা বললেন সংসদে তাদের প্রধান হুইপ।
বৃহস্পতিবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বক্তব্যের ওপর বক্তব্য রাখতে গিয়ে জয়নাল আবদিন এক পর্যায়ে বলেন, "প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত।"
তার এই বক্তব্যের সঙ্গে সঙ্গে সরকার দলীয় সাংসদরা সমস্বরে প্রতিবাদ করে ওঠেন। এর আগেই ডেপুটি স্পিকার শওকত আলী বিরোধী দলীয় চিফ হুইপের মাইক বন্ধ করে দেন।
প্রতিবাদে বিকাল ৪টা ২৫ মিনিটে জমির উদ্দিন সরকারের নেতৃত্বে বিএনপির সাংসদরা বেরিয়ে যান।
এ সময় ডেপুটি স্পিকার বলেন, "মাইক বন্ধ করা যায়। আমি দায়িত্ব নিয়ে মাইক বন্ধ করেছি।"
বিএনপির সাংসদদের অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সরকারি দলের সাংসদদের টেবিল চাপড়ে উল্লাস করতে দেখা যায়।
এরপর সরকারি দলের চিফ হুইপ আব্দুস শহীদ বিরোধী দলীয় চিফ হুইপের বক্তব্যের নিন্দা জানিয়ে তা এক্সপাঞ্জের দাবি জানান।
এ সময় ডেপুটি স্পিকার জানান, জয়নাল আবদিন ফারুকের বক্তব্য এক্সপাঞ্জ করা হবে।
আব্দুস শহীদ বলেন, "তারা আমাদের প্রধানমন্ত্রীর সম্পর্কে বিষোদগার করেন। মেজর হাফিজ যখন সতন্ত্র সাংসদ (বর্তমান বিএনপি নেতা) ছিলেন তখন বলেছিলেন, 'জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় দুঃখ করে বলেছিলেন, আমার স্ত্রী ঢাকা সেনানিবাসে মেজর জেনারেল জানজুয়ার হেফাজতে আছে'।"
বিএনপি বিকাল ৫টা ২৩ মিনিটে আবার অধিবেশনে যোগ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এমএইচসি/জিএনএ/১৭৩১ ঘ.
bdnews24