২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগীয় পর্যায়ে খালেদার প্রথম জনসভা চট্টগ্রামে

চট্টগ্রামে আগামী ২৭ মার্চ জনসভার মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ে জনসংযোগ শুরু করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 09:42 AM

Updated : 24 Aug 2022, 07:26 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে আগামী ২৭ মার্চ জনসভার মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ে জনসংযোগ শুরু করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পর্যায়ক্রমে অন্য পাঁচ বিভাগেও জনসভা করবেন তিনি। দলের সাংগঠনিক ভিত মজবুত করতে মার্চ ও এপ্রিল মাস জুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিরোধী দল। সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি নিতে কেন্দ্রীয় নেতারা জেলায় জেলায়ও সফর করবেন। বিভাগীয় পর্যায়ে জনসভার পর ঢাকায় মহাসমাবেশের প্রস্তুতি রয়েছে বিএনপির। বুধবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে দলের চট্টগ্রাম বিভাগের নেতারা বৈঠক করেন। এরপর দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন চট্টগ্রামে জনসভার কথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, "ওই জনসভার স্লোগান নির্ধারণ করা হয়েছে- 'চলো চলো চট্টগ্রাম চলো'। ওই বিভাগের সব জেলা থেকে মানুষজন জনসভায় যোগ দেবেন।" প্রথম জনসভাস্থল হিসেবে চট্টগ্রামকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে মোশাররফ বলেন, "একাত্তরের এ মার্চ মাসেই আমাদের নেতা জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা বিরাজ করছে। চট্টগ্রাম বন্দর অন্য দেশকে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এসব বিবেচেনায় চট্টগ্রাম থেকে বিভাগীয় জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" বিএনপির দাবি, তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। যদিও বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা আদালত দ্বারাও স্বীকৃত। মোশাররফ বলেন, চট্টগ্রামের পর অন্য পাঁচটি বিভাগেও জনসভা হবে। তবে সে সব জনসভার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। চট্টগ্রাম আউটার স্টেডিয়ামের ওই জনসভার প্রস্তুতির বিষয়ে শনিবার চট্টগ্রামে বৈঠক হবে বলে মোশাররফ জানান। চট্টগ্রামে বিএনপির কোন্দল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "বিএনপিতে কোনো কোন্দল নেই, নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে। আজকের এই বৈঠকে চট্টগ্রামের সব নেতারা উপস্থিত ছিলেন। এ থেকে প্রমাণ হয়- চট্টগ্রামে কোনো কোন্দল নেই।" খন্দকার মোশারফের সভাপতিত্বে ওই বৈঠকে চট্টগ্রাম বিভাগের নেতাদের মধ্যে ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, এম মোরশেদ খান, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, আর্ন্তজাতিক সম্পাদক মীর নাসির উদ্দিন আহমেদ, তথ্য ও গবেষণা সম্পদক সৈয়দ ওয়াহিদুল আলম, সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫২০ ঘ.