২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংসদ সচল থাক আওয়ামী লীগ চায় না'

সংসদ সচল থাক- সরকারি দল আওয়ামী লীগ তা চায় না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 11:34 AM

Updated : 24 Aug 2022, 07:23 PM

বগুড়া, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংসদ সচল থাক- সরকারি দল আওয়ামী লীগ তা চায় না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, "বিএনপি সাংসদদের শপথ অনুষ্ঠান বিটিভিতে প্রচার করা হয়নি। তারপরও আমরা সংসদে গিয়েছি। সংসদে বলা হয়েছে- জিয়ার কবরে নাকি জিয়ার লাশ নেই। এসব কথার পরও সংসদে থেকেছি। কিন্তু তারা বার বার সংসদে যাওয়ার পথে বাধা দিচ্ছে।" মঙ্গলবার বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া ও জয়পুরহাটের নেতাদের সঙ্গে সমন্বয় সভায় নজরুল ইসলাম এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, সংসদকে একদলীয় বানানোর চেষ্টা হচ্ছে। বাকশাল করার পক্ষে কথা বলা হচ্ছে। বিদেশের সঙ্গে চুক্তির মাধ্যমে দেশের স্বার্থহানি করা হচ্ছে। সন্ত্রাস-চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে নজরুল ইসলাম দাবি করেন। খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির প্রসঙ্গে তিনি বলেন, "পিলখানার ঘটনায় নিহত বিডিআর কর্মকর্তাদের পরিবারকে মানবিকতা দেখানোর জন্য বিরোধীদলীয় নেত্রীকে বাড়ি ছাড়তে বলা হচ্ছে। খালেদা জিয়ার বাড়ি ছাড়া দেশে কি আর কোনো জায়গা নেই তাদের জন্য?" নজরুল ইসলাম বলেন, আগামীতে জাতীয় ও স্থানীয় ইস্যুতে একসঙ্গে আন্দোলনে যাবে বিএনপি। বগুড়া জেলা বিএনপি'র আহবায়ক এ কে এম মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকা, কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম শিশির, জয়পুরহাটের সংসদ সদস্য মোজাহার আলী প্রধান, সিরাজগঞ্জের মহিলা সংসদ সদস্য রোমানা মাহমুদ প্রমুখ। বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন বলেন, ছয়টি বিভাগে তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের সঙ্গে সভা শেষ করে আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে। তিনি আরও বলেন, "যখন আমরা সংসদে ছিলাম না তখন যা ইচ্ছে তাই বলা হয়েছে। যখন আমরা সংসদে উপস্থিত থাকি তখন স্পিকার আমাদের আচরণবিধি শিক্ষা দেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৯ ঘ.