রংপুর, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপন ব্যালটে ছাত্রলীগের জেলা কমিটি করার কথা থাকলেও কমিটি না করেই রংপুর ছেড়েছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।
সোমবার দুপুরে রংপুর টাউন হলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন জেলা ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করেন।
অন্য অতিথিদের মধ্যে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা।
বিকাল ৫টার দিকে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে কেন্দ্রীয় নেতারা সার্কিট হাউজ যান।
দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটে নতুন কমিটি নির্বাচনের কথা ছিল। কিন্তু সার্কিট হাউজ থেকে নেতারা না আসায় সন্ধ্যা ৬টার দিকে টাউন হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা সার্কিট হাউজে গিয়ে বিক্ষোভ করেন।
এ অবস্থায় আহাদ আলী সরকার, মাহমুদ হাসান রিপনসহ কেন্দ্রীয় নেতারা কাউকে কিছু না বলে পুলিশ প্রহরায় গাড়িতে উঠে রংপুর ছেড়ে যান।
গাড়িতে ওঠার সময় মাহমুদ হাসান রিপন সাংবাদিকদের বলেন, ঢাকা গিয়ে নেতাদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই বাছাই করে কমিটি ঘোষণা করা হবে।
আহাদ আলী সরকারসহ অন্য নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ ব্যাপারে সাবেক ছাত্রলীগ নেতা জেলা আওয়ামী লীগের সদস্য সাফিয়ার রহমান বলেন, ঢাকায় গিয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে কমিটি গঠন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.
bdnews24