ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৮২ সালে জেনারেল এইচ এম এরশাদের সামরিক সরকার খালেদা জিয়াকে কীভাবে হস্তান্তর ফি ছাড়াই গুলশানের বাড়ি বরাদ্দ দিয়েছিল গণপূর্ত মন্ত্রণালয়কে তার কারণ ব্যাখ্যা করতে বলেছে সংসদীয় একটি স্থায়ী কমিটি।
এছাড়া মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া সরকারি যে কোনো প্লটের বরাদ্দ বাতিলের জন্যও মন্ত্রণালয়কে সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় এ কমিটি।
১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জেনারেল জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় দেড় বিঘা জমির ওপর অবস্থিত ওই বাড়ি বরাদ্দ দেন এরশাদ।
জেনারেল এরশাদের সরকার খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের ভেতরও একটি বাড়ি বরাদ্দ দেয়। বর্তমান আওয়ামী লীগ সরকার ইতিমধ্যে ওই বাড়ির বরাদ্দ বাতিল করেছে। তবে তা নিয়ে আইনি লড়াই চলছে।
সোমবার এক বৈঠকের পর কমিটির সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোন আইনে তৎকালীন সরকার খালেদা জিয়ার গুলশানের বাড়ির হস্তান্তর ফি মওকুফ করেছিল কমিটি তা মন্ত্রণালয়কে পরিষ্কার করে জানাতে বলেছে।"
"আমরা মনে করি হস্তান্তর ফি মওকুফ করার বিষয়টি আইনসঙ্গত ছিল না", বলেন তিনি।
কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি প্লট থাকার পরও মিথ্যা তথ্য দিয়ে যেসব লোক একাধিক সরকারি প্লট পেয়েছেন আমরা তাদের প্লটের বরাদ্দ বাতিলের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জিএনএ/২১৫৪ ঘ.
bdnews24