ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র একজন জ্যেষ্ঠ নেতা তারেক রহমানকে 'হীরক খণ্ড' অভিহিত করে বলেছেন, ময়লা দিয়ে যেমন হীরার ঔজ্জ্বল্য ঢেকে রাখা যায় না তেমনি তাকেও দমিয়ে রাখা যাবে না।
রোববার বিকালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেকের তৃতীয় কারাবন্দি দিবস উপলক্ষে এক আলোচনায় দলের সহ-সভাপতি টি এইচ খান এ মন্তব্য করেন।
তিনি বলেন, "পিতা-মাতার পরিচয়ে নয়, নিজের গুণেই তারেক নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। হীরক খণ্ডকে ময়লা দিয়ে ঢেকে রাখা যায়না, তেমনি তারেকও উজ্জ্বল হয়ে ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবেন।"
রাজধানীর কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসটিকে 'কারাবন্দি দিবস' হিসেবে ব্যাপকভাবে পালনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৭ মার্চ রাতে খালেদা জিয়ার বড় ছেলে তারেককে গ্রেপ্তার করা হয়। পরে ২০০৮ সালের ৪ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডন যান।
তারেকের বিরুদ্ধে চাঁদাবাজিসহ কমপক্ষে ১২টি মামলা বিচারাধীন।
দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, "তত্ত্বাবধায়ক সরকারও বিএনপির বিরুদ্ধে কাজ করেছে, এ সরকারও তাই করছে। আওয়ামী লীগ জিয়াকে ভয় পায় বলে সব জায়গা থেকে তার নামফলক মুছে ফেলছে।"
তারেক রহমান সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরে দল ও দেশের নেতৃত্ব দেবেন বলেও আশা প্রকাশ করেন মোশাররফ।
সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, "এখন জাতীয় সংসদকে পরিণত করা হয়েছে স্থায়ী গোরস্তানে। সেখানে মৃত ব্যক্তি ছাড়া জীবিত ব্যক্তিদের নিয়ে আলোচনা হয় না। সেখানে জনগণের কথা বলা যায় না।"
সংসদে জিয়াউর রহমানকে 'খাটো' করার সরকারি দলের মনোভাবের সমালোচনাও করেন তিনি।
জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতেই তারেককে টার্গেট করা হয়েছিল বলে দাবি করেন সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ।
তিনি বলেন, "তার বিরুদ্ধে ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে। মিথ্যা অপপ্রচার চালাতেই এটা করা হয়েছে।"
আলোচনা সভায় অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল ও ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বক্তব্য রাখেন।
সভা শেষে তারেক রহমানের ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৯২২
bdnews24