ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনটি মামলার নিষ্পত্তি আদালতে হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি শুক্রবার বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "সর্বোচ্চ আদালতের রায়কে আমরা সাধুবাদ জানাই। আইনি প্রক্রিয়ায় মামলাগুলোর নিষ্পত্তি হয়েছে।"
"তবে জনশ্র"তি রয়েছে, সরকার যে দলের থাকে আদালত সে নিয়মে চলে। আমরা মনে করতে চাই, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওই মামলাগুলোর ক্ষেত্রে তা হয়নি। এ স্বচ্ছতা অন্যরা যেন পায়, আমরা তা আশা করব", একইসঙ্গে বলেন গয়েশ্বর।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় শেখ হাসিনার বিরুদ্ধে নভোথিয়েটার প্রকল্প নিয়ে দুর্নীতির তিনটি মামলা বৃহস্পতিবার বাতিল করে হাইকোর্ট।
বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক অনেক মামলা রয়েছে জানিয়ে সেগুলো প্রত্যাহার কিংবা দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান গয়েশ্বর।
তিনি বলেন, "প্রধানমন্ত্রী দেশের নির্বাহী প্রধান। তিনিসহ তার দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে, অন্যদিকে বিরোধী দলের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার আমলের রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করা হয়নি।
"যে ভাবে প্রধানমন্ত্রী কিংবা সরকারি দলের নেতাদের মামলাগুলো নির্বাহী আদেশে কিংবা আইনি প্রক্রিয়ায় সমাধান হচ্ছে, তা যেন বিরোধী দলের ক্ষেত্রেও হয়- এটা দেশের মানুষ চায়", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫০০ ঘ.
bdnews24