রাজশাহী, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত মাসে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের ১৬৭ জন নেতাকর্মীর মধ্যে ১৬২ জনকে বুধবার আদালতে হাজির করা হয়।
পরীক্ষা থাকায় এদিন অন্যদের আদালতে হাজির করা হয়নি।
দুপুরে রাজশাহী মহানগর হাকিম আদালত চত্বরে ১৬২ জনকে হাজির করা হয়। এরপর আসাদুল হক, ফাহিম হোসেন, মোসলেহ উদ্দিন, মামুন, জিয়া, শামসুল হক, আব্দুল ওহাব ও আব্দুস সালামকে কাঠগড়ায় তোলা হয়।
আসামিদের আইনজীবী তাদের জামিনের জন্য আদালতে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে না পারায় বিচারক আমিরুল ইসলাম তাদেরকে আবারো রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে আগামী ৪ এপ্রিল পরবর্তী হাজিরার দিন ধার্য করেন।
গত ৮ ফেব্র"য়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায় শিবির। এতে শাহ্ মখদুম (এসএম) হলের ছাত্রলীগকর্মী ফারুক হোসেনের মৃত্যু হয়। পরদিন সকালে পাশের একটি ম্যানহোল থেকে তার লাশ উদ্ধার হয়।
একই রাতে পুলিশের ওপর হামলা এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে মতিহার থানায় পুলিশের দায়ের করা মামলায় দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়।
কর্মচারী গ্রেপ্তার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর শিবিরের হামলার ঘটনায় জড়িত সন্দেহে বুধবার নাসির হোসেন নামের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নাসির বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মচারী।
বেলা সাড়ে ১২টার দিকে ক্যাম্পাস থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সাংবাদিকদের জানান মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন।
তিনি বলেন, "৮ ফেব্র"য়ারি রাতে পুলিশের ওপরও হামলা হয়। ওই ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় নাসিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৮১৪ ঘ.
bdnews24