ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'আন্তর্জাতিক জঙ্গিবাদে যুক্ত' থাকা বিষয়ে সরকারদলীয় সংসদের বক্তব্যের প্রতিবাদে বিএনপি সোমবার সংসদ থেকে ওয়াক আউট করেছে।
সোমবার সংসদে ৩০১ বিধিতে বক্তব্য দিতে গিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "তারা (বিএনপি-জামায়াত) আন্তর্জাতিক জঙ্গিবাদের সঙ্গে যুক্ত। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম কারণ বিএনপি-জামায়াত জোট।"
এই বক্তব্যের প্রতিবাদে বিরোধীদলীয় সংসদ সদস্য মওদুদ আহমদের নেতৃত্বে আটটা পাঁচ মিনিটে বিএনপি ওয়াক আউট করে।
অধিবেশন শুরু হয় বিকেল ৫টা পাঁচ মিনিটে।
অধিবেশন শুরুর তিন ঘণ্টা পর বিএনপি ওয়াক আউট করে।
জঙ্গি সংগঠন জইশ-ই মোহাম্মদের সদস্য এক পাকিস্তানি নাগরিকসহ শনিবার পাঁচজনকে গ্রেফতারের (পত্রিকায় প্রকাশিত) বিষয়টি সংসদে তুলে ধরেন সুরঞ্জিত।
তিনি বলেন, "এ অঞ্চলের সব জঙ্গি হামলার পিছনে রয়েছে বিএনপি ও জামায়াত। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আইন শৃঙ্খলাবাহিনী তাদের গ্রেফতার করে এই অঞ্চলের শান্তি নিশ্চিত করেছে। তা না হলে এ অঞ্চলের কত শত শত লোক মারা যেত।"
সুরঞ্জিত বলেন, "এই জইশ-ই মোহাম্মদের সদস্য হলো বিএনপি'র সদস্য ও চাঁদপুর বিএনপি'র নেতা মহিউদ্দিন মিয়া। আগে তিনি জামায়াত করতেন।"
সুরঞ্জিত এ বিষয়ে ৩০০ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২১২৪ ঘ.
bdnews24