২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্ফোরণের ঘটনায় পবনের বন্ধু আটক

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2010, 07:18 PM

Updated : 24 Aug 2022, 07:07 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। গোলাম সাব্বির শোভন নামে আটক যুবক বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আব্দুল হামিদ পবনের বন্ধু বলে পুলিশ জানিয়েছে। শোভনের স্বীকারোক্তি অনুযায়ী তার বাসা থেকে বোমা হামলার ঘটনায় ব্যবহৃত সন্দেহে একটি লাল রঙের গাড়িও আটক করে গোয়েন্দা পুলিশ। কলাবাগান থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান জানান, খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বোমা হামলার ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার রাতে লেকসার্কাসের ১০৬ বশিরউদ্দীন রোডের বাসা থেকে একটি লাল রঙের গাড়ি জব্দ করেছে। গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, এর আগে গোয়েন্দা পুলিশের অপর একটি দল বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে থেকে শোভনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার ১০৬ বশিরউদ্দীন রোডের বাসা থেকে লাল রঙের একটি টয়োটা রাশ মডেলের গাড়ি উদ্ধার করা হয়। এই গাড়িটিই ওই রাতে বোমা হামলায় ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এছাড়া শোভনের বাসা থেকে বিএনপি মহাসচিব পুত্র পবনেরও একটি গাড়ি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/০১১৩ ঘ.