রাজশাহী, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা ও ছাত্রলীগকর্মী খুনের মামলায় গ্রেপ্তার করা আরো দুজনকে জিজ্ঞাসাবাদ করতে সাতদিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল শাখা শিবিরের সভাপতি রাইজুল ইসলাম ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিনকে রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়।
মতিহার থানা পুলিশ ১০ দিন হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদের আবেদন জানায়।
শুনানি শেষে হাকিম আমিরুল ইসলাম সাতদিনের অনুমতি দেন।
মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত থেকেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে।
গত ৮ ফেব্র"য়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষে ছাত্রলীগকর্মী ফারুক হোসেন মারা যান। পুলিশ বলেছে, শিবিরের হামলায় ফারুক মারা গেছেন।
এ ঘটনার পর রাজশাহী মহানগর জামায়াতের তিন নেতাসহ জামায়াত-শিবিরের শতাধিক নেতা গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে জামায়াত-শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মীকে পুলিশ হেফাজতে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে।
বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে র্যাব সদস্যরা রাবির হবিবুর রহমান হল শাখা শিবির সভাপতি রাইজুল ইসলামকে আটক করে।
পরদিন বাঘা থেকে আটক করা হয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর গিয়াসকে।
রাইজুলের বাড়ি নাটোর শহরে। তিনি রাবির আরবি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। গিয়াসের বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ডাঁশমারী এলাকায়। রাবির ঘটনার পর থেকেই এরা পলাতক ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৪ ঘ.
bdnews24