নরসিংদী, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী জেলা ছাত্রলীগের সম্মেলনে সংঘাতের আশঙ্কায় শুক্রবার বিকালে দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আটক শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোবারক হোসেন মোবা ও যুবলীগ কর্মী কবীর সরকারকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
তবে সম্মেলনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে পুলিশ জানায়।
ডিবি পুলিশের ওসি মো. গিয়াস উদ্দিন বলেন, বিকাল ৪টার দিকে শহরের সেবাসংঘ থেকে ওই দুই নেতাকে আটক করা হয়। কোনো গ্রেপ্তারি পরোয়ানা না থাকলেও জেলা ছাত্রলীগ সম্মেলনে সংঘাতের আশঙ্কায় তাদের আটক করা হয়।
সদর থানার ওসি শামীম আহমেদ বলেন, আটক দুজন এখন থানা হেফজতে আছেন।
এদিকে বিকাল সাড়ে ৫টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জেলা ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাছান রিপন।
সংগঠনের জেলা সভাপতি জুবায়ের আহমেদ জুয়েলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
উপস্থিত অন্য অতিথিরা হলেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, সাংসদ নজরুল ইসলাম হীরু, সাংসদ জহিরুল হক মোহন, সাংসদ আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সাংসদ নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগ সভাপতি আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঞা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৬ ঘ.
bdnews24