ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিডিআর বিদ্রোহের সময় মহাজোট নেতাদের তৎপরতার কারণে সারাদেশে 'বিডিআর আর আর্মির রক্তক্ষয়ী সংঘর্ষ' হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, "মহাজোট নেতাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই ঘটনা শুধু বিডিআরেই সীমাবদ্ধ ছিলো। না হলে, সেদিন সারাদেশে বিডিআর আর আর্মি রক্তক্ষয়ী সংঘর্ষ হতো।"
বিডিআর বিদ্রোহের এক বছরপূর্তিতে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে আলোচনা সভাটি আয়োজন করে আওয়ামী লীগ।
অল্প কয়েকদিনের মধ্যেই বিচারিক আদালতে এই হত্যাকাণ্ডের বিচার শুরু হবে জানান আশরাফ।
তিনি বলেন, "অনেক কথা আছে, যা বলা সম্ভব নয়। যা বিচারকাজে বাধা সৃষ্টি করতে পারে।"
আলোচনায় খালেদা জিয়ার নাম উল্লেখ না করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, "আপনি বিরোধীদলীয় নেত্রী। আপনি দেশকে অশান্ত করবেন না। দেশে খাদ্য-শস্যের কোনো অভাব নেই। কিন্তু, অভাব সৃষ্টি করা হচ্ছে।"
তিনি দ্রব্যমূল্য বাড়ানোয় জড়িত সিন্ডিকেটের সদস্যদের আটক করতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের প্রতি আহ্বান জানান। সাহারা এসময় সেখানে উপস্থিত ছিলেন।
সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কৃষিমন্ত্রী বেগ মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ এবং সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৪৯ ঘ.
bdnews24