বাগেরহাট, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাত্তরে দুই মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা আবুল কালাম মুহাম্মদ ইউসুফের বিরুদ্ধে বাগেরহাটে একটি মামলা হয়েছে।
এনিয়ে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে বাগেরহাটে তার বিরুদ্ধে ৫টি মামলা হলো। সর্বশেষ গত সপ্তাহে তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছিল।
বৃহস্পতিবার করা মামলায় মাওলানা ইউসুফসহ ১২ জনকে আসামি করা হয়েছে।
বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আসমত আলী মুন্সীর স্ত্রী জয়ফুল বিবি দুপুরে বাগেরহাটের জৈষ্ঠ্য বিচার বিভাগীয় হাকিম মো. রাখিবুল ইসলামের আদালতে মামলাটি করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে ফৌজদারী কার্যবিধির ১৫৬ (৩) ধারায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শরণখোলা থানার ওসিকে নির্দেশ দিয়েছে।
মামলার অপর আসামিরা হলেন- শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের মোসলেম আকন (৬০), বকুলতলা গ্রামের নজীর মৃধা (৭৫), কদমতলা গ্রামের সুলতান মৃধা (৬০), সোনাতলা গ্রামের ইসমাঈল খাঁ (৭৫) রায়েন্দা বাজারের হারেজ খাঁ (৭০), মতিয়ার রহমান (৬২), আব্দুল হক আকন (৭০), লতিফ পঞ্চায়েত (৬৭), তাফালবাড়ি গ্রামের হাফেজ ইব্রাহিম (৫৫), রাজাপুর গ্রামের সাঈদুর রহমান শিকদার (৬৮) ও হাফেজ নুরুল ইসলাম মুন্সি (৭০)।
বাদি অভিযোগ করেন, ১৯৭১ সালের ৭ জুন সকালে ২০-২৫ মুক্তিযোদ্ধার একটি দল থানা আক্রমণ করে। পাকিস্তানি হানাদার বাহিনীর দোসরদের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে গুলি ফুরিয়ে যায় মুক্তিযোদ্ধাদের।
এই অঞ্চলের রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা ও বর্তমানে জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা ইউসুফ সহযোগীদের নিয়ে মুক্তিযোদ্ধাদের ধাওয়া করে আসমত আলী মুন্সী ও ইসমাইল হাওলাদারকে ধরে ফেলে।
পরে রায়েন্দা আর কে ডি এস বালিকা বিদ্যালয়ের সামনে নিয়ে তাদের কুপিয়ে ও জবাই করে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়া হয়।
এছাড়া রাজাকাররা নিহতদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে বলেও বাদি অভিযোগ করেন।
শরণখোলা থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, আদেশের কাগজ থানায় পৌঁছানোর পর আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪০ ঘ.
bdnews24