২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোফায়েলের নির্বাচনী ব্যয়: ব্যাংক হিসাব জব্দের আদেশ অবৈধ

২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলায় অর্থ পাঠানোর অভিযোগে কয়েকজন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের আদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 12:28 PM

Updated : 24 Aug 2022, 07:04 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলায় অর্থ পাঠানোর অভিযোগে কয়েকজন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের আদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম আব্দুল হাকিমের বেঞ্চ তোফায়েলের দায়ের করা দুটি পৃথক রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ করে এ রায় দেয়। ২০০২ সালের ১৭ এপ্রিল বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ভোলা জেলা ও দায়রা জজ আদালতে দুটি আবেদন দায়ের করে। এতে অভিযোগ করা হয়, তোফায়েল আহমেদ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তার অংশবিশেষ বিভিন্ন ব্যক্তির মাধ্যমে নির্বাচনী ব্যয় হিসাবে ভোলায় পাঠান। এই অভিযোগ তদন্তে ওইসব ব্যক্তির ভোলার উত্তরা ও ন্যাশনাল ব্যাংকের শাখার চলতি ও সঞ্চয়ী হিসাব জব্দ করার আবেদন করা হয়। ২০০২ সালের ২১ এপ্রিল ভোলা জেলা ও দায়রা জজ এ আবেদন দুটি মঞ্জুর করে। এর বৈধতা নিয়ে তোফায়েল আহমেদ ২০০২ সালের ২৭ এপ্রিল হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন দায়ের করেন। হাইকোর্ট ভোলা জেলা ও দায়রা জজের ওই আদেশ কেন অবৈধ করা হবে না তার কারণ জানতে রুল জারি করে। বৃহস্পতিবার তোফায়েলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার মোহাম্মদ মোতাহার হোসেন। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/পিডি/১৮০৫ ঘ.