ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শপথভঙ্গের অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল বিএনপি।
সোমবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ অভিযোগ তুলে বলেন, "প্রধানমন্ত্রী বিরাগের বশবর্তী হয়ে প্রতিহিংসামূলকভাবে বিএনপিকে শিক্ষা দেওয়ার কথা বলেছেন। এর মাধ্যমে তিনি সংবিধানে প্রদত্ত শপথ ভঙ্গ করেছেন। এ অবস্থায় প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই।"
সম্প্রতি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে চৌদ্দশ' শতকের সুফি সাধক হযরত শাহজালালের নামে নামকরণ করা হয়।
এরপর ১৯ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'তাদেরকে' শিক্ষা দিতে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলানো হয়েছে।
গত ১৮ ফেব্রুয়ারি বিএনপির মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে মহানগর ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে এতে অংশ নেয়।
বিরোধী দলকে দমনে সরকারের কার্যক্রমের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, "দমন-নির্যাতন করে বিএনপিকে দমানো যাবে না। এভাবে নির্যাতন চললে আগামীতে আর প্রতিবাদ নয়, আন্দোলনের মাধ্যমে আমরা প্রতিরোধ গড়ে তুলব।"
প্রয়াত রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের নাম মুছে ফেলার সমালোচনা করে তিনি বলেন, "আওয়ামী লীগ জিয়া ও বিএনপিকে ভয় পায় বলে আজ এ রকম কাজ করছে। শান্তিপূর্ণ মিছিলে হামলা চালাচ্ছে। শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণে বাধা দিয়েছে। মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে জিয়া পরিবারের বিরুদ্ধে।"
১৯৭২-৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের চিত্র তুলে ধরে খন্দকার মোশারর বলেন, "ওই সময়ের একদলীয় শাসনের কারণে জনগণ তাদেরকে ২১ বছর ক্ষমতার বাইরে রেখেছিল। তারা '৯৬ সালে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসে আবারও একদলীয় শাসন চালিয়েছে বলেই ২০০১ সালে জনগণ বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করেছিল।"
আওয়ামী লীগ নেতারা নিজেরা অতীত থেকে শিক্ষা না নিয়ে অন্যদের শিক্ষা দেওয়া কথা বলেন বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমনের সভাপতিত্বে সমাবেশে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু, মাহবুবউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান, ইলিয়াস আলী, যুব দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জোম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান ও বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
বক্তরা বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/২০২৮ ঘ.
bdnews24