২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগের দুপক্ষের গোলাগুলির খবর

পাবনা শহরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2010, 03:26 PM

Updated : 24 Aug 2022, 06:55 PM

পাবনা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনা শহরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে শহরের ঘোষপাড়া ও কাচারীপাড়ার আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে পুলিশ গোলাগুলির সত্যতা অস্বীকার করে বলেছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি বোমার বিস্ফোরণ হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। পুলিশ জানায়, পাবনা শহরের কাচারীপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি খোকন চৌধুরী ওরফে পাইনা খোকন ও ঘোষপাড়া এলাকার আওয়ামী লীগ কর্মী রিয়াজুল গ্রুপের মধ্যে স্থানীয় সাহারা ও শেখ বাচ্চু ক্লাবের দখল এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বেশ কয়েকদিন করে বিরোধ চলছিল। এর জেরে রাত ৭টার দিকে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। কাচারীপাড়ার বাসিন্দা মির্জা আজিজুর রহমান ও রেজাউল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমপক্ষে ৪৫/৫০ রাউন্ড গুলির শব্দ শুনেছেন তারা। তবে এতে কেউ হতাহত হয়নি। পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট নিবাস চন্দ্র মাঝি, সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট নিজামুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাবনা সদর থানার ওসি মতিয়ার রহমান জানান, ছোটখাটো কয়েকটি বোমার বিস্ফোরণ হয়েছে। জোরে শব্দ হওয়ায় মানুষজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২০ ঘ.