২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার প্রতিবাদে সোমবার বিএনপির সমাবেশ

মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে আগামী সোমবার ঢাকায় প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2010, 06:13 AM

Updated : 24 Aug 2022, 06:56 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে আগামী সোমবার ঢাকায় প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকালে ওই সমাবেশ হবে বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। মুক্তাঙ্গনে বৃহস্পতিবার বিএনপির সমাবেশের পর দলীয় কার্যালয় অভিমুখে মিছিলে পুলিশ লাঠিপেটা করে। এতে শতাধিক কর্মী আহত হয়েছে বলে ফখরুল জানান। পুলিশ মিছিল থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের রাশেদ ইমাম স্বাধীন, স্বপন, নাসির, ইব্রাহিম, দুলাল, সবুজ, মজনু, সেলিম, আবদুল হামিদ, ফিরোজ, আসিক, কাশেম এবং মীর মকরম আলীকে আটক করেছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তাদের মুক্তি দাবি করেন। ফখরুল বলেন, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচিতে ভবিষ্যতে এভাবে সরকার বাধা দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। "তারা ইচ্ছাকৃতভাবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে উস্কানি দিয়ে আমাদের রাজপথে নামতে বাধ্য করছে। দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দেশবিরোধী চুক্তি থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই এ সব করা হচ্ছে।" ফখরুল অভিযোগ করেন, বৃহস্পতিবার কর্মসূচি পালনের সময় মুন্সীগঞ্জ, নাটোর, সিলেট, চাঁদপুর, শরীয়তপুরেও বিএনপি নেতা-কর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা হামলা চালায়। নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, বরকতউল্লাহ বুলু, কোষাধ্যক্ষ আবদুল মান্নান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ। বৃহস্পতিবার বিএনপির সমাবেশ থেকে মার্চ মাসে পল্টন ময়দানে মহাসমাবেশ ও ২৩ ফেব্র"য়ারি উপজেলা-পৌরসভায় বিক্ষোভ সমাবেশ এবং ২৪ ফেব্রয়ারি থেকে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২০০ ঘ.